২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১০০ মানুষের মাথার খুলি উদ্ধার

বগুড়ায় মাটির নিচ থেকে পাওয়া প্রায় ১০০টি মানুষের মাথার খুলি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, ’৭১--এ পাক সেনারা মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতাকামী মানুষদের হত্যার পর পুঁতে রেখেছিল। কেউ বলছে, শহরের কলোনী থেকে পাকসেনাদের দোসর বিহারীদের ধরে এনে হত্যার পর সেখানে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। আবার কেউ বলছে ওখানে শ্মশান ছিল।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

জানা যায়, শহরের মালতিনগর এলাকায় আনসার ক্যাম্পের পূর্ব পাশে একটি জমি থেকে বালু উত্তোলন করছে জনৈক আবদুল হালিমের ছেলে আবু সাঈদ। আর বালি উত্তোলনের সময়ই বিষয়টি তার চোখে পড়ে। প্রায় দু’মাস আগে প্রথম যখন সাঈদ বালু উত্তোলন শুরু করে তখন সেখানে প্রথমে পোড়া কাঠের খড়ি ও কাসার থালা পাওয়া যায়। হঠাৎ গত ১৫ দিন হতে একের পর এক বিভিন্ন বয়সের মানুষের মাথার খুলি ও হাড়গোড় উঠতে শুরু করে। এ পর্যন্ত প্রায় ১০০টি মাথার খুলি পাওয়া গেছে বলে শ্রমিকরা জানিয়েছেন।

এছাড়া নানাজন নানা মন্তব্য করছে। এলাকার ছোট বাচ্চারা খুলি নিয়ে খেলাধুলা করছে। মালতিনগর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ হিন্দু ধর্মাবলম্বী জানান, ওই জমিতে কোনো শ্মশান ছিল না। বৃটিশ শাসনামলে করতোয়া নদীর পূর্ব পাশে শ্মশান ছিল। তিনি মাথার খুলির ছবি দেখে বলেন, এগুলো শ্মশানে পোড়া মানুষের খুলি বলে মনে হয় না। কেননা, বেশির ভাগ ক্ষেত্রেই শ্মশানে পোড়া মাথার খুলি ভেঙে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, যুদ্ধের পর শহরে কলোনী থেকে বিহারীদের ধরে এনে জনৈক মুক্তিযোদ্ধা জবাই করে পুঁতে রাখতো। তিনি আরও জানান, তবে তার সংখ্যা ২০--এর বেশি হবে না। কেউ কেউ বলেছেন, যুদ্ধের সময় অনেকে পলাতক ছিল, আর ওই এলাকা তখন ছিল নির্জন। পাক সেনারা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামীদের হত্যার পর সেখানে পুঁতে রাখতো।