২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ, পদোন্নতিতে অনিময় এবং সিদ্ধান্তহীনতা; পেট্রোবাংলায় অচলাবস্থা

রাষ্ট্রায়ত্ত তেল, গ্যাস ও খনিজ কর্পোরেশন পেট্রোবাংলায় নিয়োগ ও পদোন্নতিতে জোট সরকারের অনিময় এবং সিদ্ধান্তহীনতার কারণে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 04:55 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পেট্রোবাংলার পাঁচটি পরিচালক পদের সবগুলোই রয়েছে শূন্য। অবশ্য নিয়ম নীতির তোয়াক্কা না করে সিনিয়রদের পাশ কাটিয়ে পরিচালক (অপারেশন) এবং পরিচালক (অর্থ) পদে দু’ জন জুনিয়র কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

একইভাবে পেট্রোবাংলার মালিকানাধীন বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রেও সিনিয়রদের পাশ কাটানোর ঘটনা ঘটেছে।

সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এসে শূন্য পাঁচ পরিচালকের পদে স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য জ্বালানি মন্ত্রণালয় প্রক্রিয়া শুরু করেছে। এতে সিনিয়র দু’ জেনারেল ম্যানেজারকে বাদ দিয়ে অন্য পাঁচজনকে পরিচালক হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।

জোট সরকার রাজনৈতিক বিবেচনায় দু’ সিনিয়র জিএমকে পরিচালক হিসেবে নিয়োগ না দিয়ে অন্যদের নিয়োগ চূড়ান্ত করতে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সিনিয়র এই দু’ জিএম’র একজন সিলেট গ্যাস ফিল্ডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব:) মোঃ মোক্তাদির আলী। তিনি সিনিয়র জিএম হিসাবে পদোন্নতি পান ১৯৯৫ সালের ৫ এপ্রিল। বর্তমান দায়িত্ব নেওয়ার আগে তিনি চুক্তির ভিত্তিতে পরিচালক (পরিকল্পনা) হিসেবে কাজ করেন। চুক্তি শেষে তাকে বর্তমান পদে নিয়োগ দেওয়া হয়।

অপর সিনিয়র জিএম মোঃ মকবুল ই এলাহী। তিনি এ পদে পদোন্নতি পান ২০০০ সালের ১৭ জুলাই।

সিনিয়রের তালিকায় এর পরে আছেন কাজী শহীদুর রহমান, রহমান মুরশেদ এবং এম এ বাসেত। তারা সকলেই ২০০৩ সালের ১ জানুয়ারি সিনিয়র জিএম হিসেবে পদোন্নতি পান। সিনিয়রদের বাদ দিয়ে কাজী শহীদুর রহমান এবং রহমান মুরশেদকে পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়। গত বছরের ৩০ ডিসেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাজী শহীদুর রহমান এবং এম এ বাসেত মুত্যুবরণ করেন।

২০০৪ সালের ২৬ ফেব্রয়ারি আরো ছয় কর্মকর্তাকে সিনিয়র জিএম হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তারা হচ্ছেন মোঃ নজরুল ইসলাম, মুহম্মদ আবদুর রইস সিদ্দিকী, মোঃ মাহবুবুর রহমান, মোঃ শহীদুল আবেদীন, আতিকুর রহমান এবং এম জামালুদ্দিন।

এদের মধ্যে নিয়ম ভঙ্গ করে গত মাসে নজরুল ইসলামকে পরিচালক (অর্থ) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শূন্য পদগুলো স্থায়ীভাবে পূরণ করার জন্য জ্বালানি মন্ত্রণালয় প্রক্রিয়া শুরু করেছে। সূত্র বলছে, মেজর মোক্তাদির আলী এবং মকবুল ই এলাহীকে বাদ দিয়ে অন্য পাঁচ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। তারা হলেন, রহমান মুরশেদ, নজরুল ইসলাম, আবদুর রইস সিদ্দিকী, মাহবুবুর রহমান এবং শহীদুল আবেদীন।