সর্বজনীন জন্ম নিবন্ধীকরণ কর্মসূচি শুরু
আগামী ২০০৮ সালের মধ্যে শতভাগ জন্ম নিবন্ধীকরণের লক্ষ্যকে সামনে রেখে সোমবার সারাদেশে জন্ম নিবন্ধীকরণ কর্মসূচি শুরু হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ আইন ২০০৪ কার্যকর করার ঘোষণা দেন।
এ উপলক্ষ্যে ইউনিসেফ এবং প্ল্যান বাংলাদেশ এর সহায়তায় স্থানীয় সরকার বিভাগ ওসমানী মেমোরিয়াল হলে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব এসএম জহুরুল ইসলাম।
মান্নান ভূঁইয়া তার বক্তব্যে বলেন, এ কর্মসূচি বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশুদের পতিতাবৃত্তি রোধসহ শিশু অধিকার রক্ষায় সাহায্য করবে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রত্যেক সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ডাটাবেজের মাধ্যমে জন্ম নিবন্ধীকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে জন্মনিবন্ধীকৃত শিশুদের সময়মত টিকা দেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
যত বেশি সম্ভব শিশুদের জন্ম নিবন্ধীকরণের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, জন্ম নিবন্ধনের ফলে স্বাস্থ্যকর জীবন ও অন্যান্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হয়।
ইউনিসেফ বাংলাদেশ এর অফিসার ইন চার্জ রেসেলা মোরেলি বলেন, জন্ম নিবন্ধন বাল্যবিবাহ প্রতিরোধ করে। এটা সঠিক বয়সে শিশুদের স্কুলে ভর্তি নিশ্চিত করে, শিশুশ্রম প্রতিরোধ করে ও কিশোর অপরাধ দমন আইনের সঠিক ব্যবহার নিশ্চিত করে।
অনুষ্ঠানে এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও প্ল্যান বাংলাদেশের আবাসিক পরিচালক এসপে নেড বক্তব্য রাখেন।
শিশু অধিকার কনভেনশন অনুযায়ী জন্মের পরপরই শিশুর নিবন্ধন হতে হবে এবং তাকে একটি নাম দিতে হবে। পাশাপাশি তাদের জাতীয়তা অর্জনের অধিকার এবং বাবা-মাকে জানার ও যতœ পাওয়ার অধিকার রয়েছে।
এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে ১০ শতাংশেরও কম শিশুর জন্ম নিবন্ধন করা হয়েছে।
নতুন জন্ম নিবন্ধীকরণ আইনের আওতায় বার্থ সার্টিফিকেট চাকরির বয়সসীমা, স্কুলে ভর্তি, বিবাহ ও সম্পত্তি হস্তান্তরে প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।
এছাড়া ভোটার তালিকায় অন্তর্ভূক্তি, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি এবং সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রেও তা ব্যবহৃত হবে।
