নীলফামারীর জলঢাকায় যৌতুকের জন্যে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা
নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর ধর্মপাল গ্রামে মাত্র ১৬ হাজার টাকা যৌতুকের জন্যে বিয়ের মাত্র এক বছরের মাথায় স্বামী ও শ্বশুর -- শাশুড়ির হাতে জীবন দিতে হলো তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ রুমিনা বেগমকে। পুলিশ সোমবার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
রুমিনার ভাই পাঁচজনের বিরুদ্ধে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় সূত্র জানায়, ডোমার উপজেলার মটুকপুর গ্রামের আইয়ুব আলীর মেয়ের সঙ্গে ৪০ হাজার টাকা যৌতুকের শর্তে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার উত্তর ধর্মপাল গ্রামের মমতাজ আলীর ছেলে আব্দুস সোবহানের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুকের ২৪ হাজার টাকা শোধ করতে পারলেও আইয়ুব আলী এক বছরেও বাকি টাকা শোধ করতে পারেনি।
এ নিয়ে স্বামী সোবহানসহ শ্বশুর-শাশুড়ি প্রায়ই রুমিনাকে নির্যাতন করতো।
রোববার বিকেলে যৌতুক নিয়ে ঝগড়ার এক পর্যায়ে তারা তাকে পিটিয়ে হত্যা করে।
