শিক্ষক কর্মচারি ফ্রন্টের শিক্ষা ধর্মঘট হয়নি, ৮ জুলাই থেকে অবিরাম ধর্মঘটের কর্মসূচি ঘোষণা
বেসরকারি স্কুল ও কলেজ ভিত্তিক সংগঠন জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট বিভিন্ন দাবিতে শনিবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস ধর্মঘট আহ্বান করলেও নগরীর অধিকাংশ শিক্ষাঙ্গনে এ ধর্মঘট পালিত হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর প্রায় বেশিরভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই নিয়মিত ক্লাশ হয়েছে। ইডেন মহিলা কলেজ ও লালমাটিয়া মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাশ হয়েছে।
১০ শতাংশ বেতন -- ভাতা বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবি আদায়ে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট ওই ধর্মঘট আহ্বান করে।
এদিকে ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি আদায়ে মাসব্যাপি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে আগারগাঁও স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কারিগরী কলেজে ধর্মঘট পালনের দাবি করে তিনি বলেন, বিভাগীয় সদরসহ বিভিন্ন উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ ও কারিগরি কলেজগুলোতে ধর্মঘট পালিত হয়েছে। তবে এইচএসসি পরীক্ষা ধর্মঘটমুক্ত ছিল।
এতে বেতন -- ভাতা বৃদ্ধি সংক্রান্ত আট দফা দাবি মানা না হলে আগামী ২৭ থেকে ৩০ জুলাই ঢাকায় মহাঅবস্থান এবং শিক্ষক কর্মচারি জাতীয় মহাসমাবেশ, ৫ জুলাই বুধবার সকল বেসরকারি স্কুল -- কলেজে পূর্ণদিবস কর্মবিরতি এবং জেলা সদরে বিশেষ প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচি, ৭ জুলাই শুক্রবার থেকে ১০ জুলাই সোমবার বেতন বৃদ্ধির বিষয়ে সাংসদদের অবস্থান জানতে চেয়ে লিখিত বক্তব্য আহ্বান করা এবং ৮ জুলাই থেকে অবিরাম ধর্মঘট।
