টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে পরাজিত করে সেমিফাইনালে জার্মানি
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টারফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় স্বাগতিক জার্মানি ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪ -- ২ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।
ফাইনালের আগেই “ফাইনাল” খ্যাত এই ম্যাচে পরাজয়ের ফলে আর্র্জেন্টিনার এবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেল।
প্রথমার্ধের খেলায় উভয় দলই মূলত রক্ষণাত্মক খেলা চালিয়ে যায়। মাঝেমধ্যে আক্রমণ - পাল্টা আক্রমণে খেলা এগিয়ে নিয়ে গেলেও কোনো দলই গোল করার মতো তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। তবে আর্জেন্টাইনরাই বেশীরভাগ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রথমার্ধের খেলা গোলশূণ্যভাবে শেষ করে।
দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় আর্জেন্টিনা গোল কলে এগিয়ে যায়। জার্মানির গোলমুখে এক আক্রমণ থেকে একটি কর্নার আদায় করেন আর্জেন্টাইন স্ট্রাইকাররা। প্লে মেকার হুয়ান রিকুইয়েমে’র নিখুঁত কর্নার কিকটি আর্জেন্টাইন ডিফেন্ডার রবার্টো আইয়ালা দর্শণীয় এক হেডের সাহায্যে জার্মানির জালে জড়িয়ে দিলে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক উল্লাসে ফেটে পড়ে। গুরুত্বপূর্ণ এই গোলটি আইয়ালার ১০৫ তম আন্তর্জাতিক খেলায় ৭ম গোল।
সমতায় ফিরে আসার জন্য এরপর মরিয়া হয়ে আক্রমণ শুরু করে স্বাগতিকরা। বিপুল পরিমান জার্মান সমর্থক এসময়ে স্বাগতিক দলকে উৎসাহ দিতে থাকে। খেলার ১০ মিনিট বাকী থাকতেই সমতাসূচক গোলটির দেখা পায় জার্মানি। অধিনায়ক মাইকেল বালাকের একটি ফ্রি কিক বদলী খেলোয়াড় টিম বরোস্কির মাথা ছুঁয়ে বলটি চলে যায় সতীর্থ স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজার কাছে। ক্লোজা অসাধারন এক হেডে আর্জেন্টাইন বদলী গোলরক্ষক ফ্রাংকোকে পরাস্ত করলে পুরো স্টেডিয়াম জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। এই গোলটি নিয়ে এবারের আসরের ৫ ম্যাচে ক্লোজ্ পাঁচ গোল করে এখনোও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। একই সাথে গোল্ডেন বুট অর্জনের দিকে আরো একধাপ এগিয়ে গেলেন জার্মান এই তরুন স্ট্রাইকার।
বাকি সময়টুকু কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। জয়ের লক্ষ্যে অতিরিক্ত সময়ে উভয় দলই তুমুল প্রতিদ্বন্দ্বীতা চালিয়ে যায়। আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলাটি এসময়ে দারুন উপভোগ্য হয়ে ওঠে। আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ ও জার্মান স্ট্রাইকার পডোলস্কি প্রতিপক্ষের গোলসীমানায় দারুন কয়েকটি আক্রমণ চালান। কিন্তু অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় শেষপর্যন্ত টাইব্রেকারেই খেলাটির ভাগ্য নিষ্পত্তি হয়।
খেলার ৭১ মিনিটে আর্জেন্টাইন কোচ জোসে পেকারম্যান তার আহত গোলরক্ষক রবার্টোকে উঠিয়ে বদলী গোলরক্ষক হিসেবে লিওনার্দো ফ্রাংকো’কে মাঠে নামান । ফলে পেনাল্টিতে আর্জেন্টাইন গোল সামলানোর দায়িত্ব পড়ে অপেক্ষাকৃত অনভিজ্ঞ এই গোলরক্ষকের উপর। কিন্তু জার্মানির নেওয়া ৪টি টাইব্রেকার শ্যুটের একটিও থামিয়ে দিতে পারেননি ফ্রাংকো। জার্মানির অধিনায়ক মাইকেল বালাক, ফরোয়ার্ড পোডোলস্কি, ন্যুভিল ও মিডফিল্ডার টিম বরোস্কি তাদের টাইব্রেকার শ্যুটে গোল করে অবিস্মরনীয় এক জয় তুলে নেয়।
তবে এই জয়ের মূল নায়ক হলেন জার্মান গোলরক্ষক জেন্স লেহম্যান। আর্জেন্টাইন জুলিও ক্রুজ এবং ম্যাক্সি রডরিগেজ এর পেনাল্টি শট ঠেকিয়ে দিতে ব্যর্থ হলেও অসাধারন দক্ষতায় রবার্টো আইয়ালা ও ক্যাম্বিয়াসোর পেনাল্টি শট দুটি ঠেকিয়ে দিয়ে জার্মান দলের জয় নিশ্চিত করেন অলিভার কান এর যোগ্য উত্তরসূরী জেন্স লেহম্যান।
আসরের দ্বিতীয় কোয়ার্টারফাইনালে ইটালি ও ইউক্রেনের মধ্যে জয়ী দলের বিরুদ্ধে ৫জুলাই ডর্টমুন্ডে প্রথম সেমিফাইনাল খেলায় অংশ নেবে শিরোপা প্রত্যাশী স্বাগতিক জার্মানি।
