দিনাজপুর, ফরিদপুর ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ২৯
দিনাজপুর, ফরিদপুর, ও চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার কমপক্ষে ১৫ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে।
দিনাজপুর--পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে শুক্রবার দুপুরে বিআরটিসি’র একটি মালবাহী ট্রাক ও একটি যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত ও ১৪ জন আহত হয়। অপর এক ঘটনায় একই উপজেলার বীরগঞ্জ বড় বোচা পুকুর এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় একজন নিহত হয়। নিহতের নাম জোসেফ দাস (২৬)।
ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়।
ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুর বাজারে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়। নিহতরা হচ্ছে: নরেশ এবং ফরহাদ ফকির।
দিনাজপুর প্রতিনিধি জানান, বীরগঞ্জ উপজেলার উল¬াস সিনেমা হলের সামনে ঠাকুরগাঁও থেকে বেলা ১২ টার সময় ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী বিআরটিসির একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহতরা হলো ইতিবালা (২৭) ও তার বোন রীতা শর্মা (৩৮), কৌশিক (১৫), মৌসুমী (১৫) ও আকতারুল ইসলাম (৫০)।
দুর্ঘটনায় আহতদের অধিকাংশকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরো চার জনের মৃত্যু হয়। এরা হলো কৌশলা (২৬), দিপিকা (৮), হালিম হোসেন (২২) ও গনেশ (২৬)।
আহতদের মধ্যে শ্যামল (৪৫), ওমর ফারুক (২৯), জাকির (২৮), ফয়জুল (৬০), মারুফ (২৩), আসলাম (২৪), মাধব (৩০), শ্যামল (৪৫), রফিকুল (৩৫), দিপা (১০), রওশন আরা (৩৫), মহসিন (৫০), জাহেরুল (৩০), ফয়জুল (৬০), মাহমুদা (৪৫) এবং ২৪/২৫ বছরের অজ্ঞাত এক যুবক ও মহিলা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহত ও নিহতদের অধিকাংশই বীরগঞ্জ ও ঠাকুরগাঁও জেলার বোদা উপজেলার বাসিন্দা।
এদিকে দুর্ঘটনার পর নিহত ও আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের স্বজনদের আজাহারিতে হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। স্থানীয় সাংসদ মনোরঞ্জনশীল গোপাল ও চারদলীয় জোটের যুগ্ম আহবায়ক আফতাবউদ্দিন মোল¬া হাসপাতালে আহতদের দেখতে যান।
চট্টগ্রাম প্রতিনিধি জানান, সীতাকুন্ডের কাছে দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাসের চালক মন্টু মিয়া (৪০) ও বেলাল হোসেন (২০) রয়েছে। অপর নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার কানাইপুর বাজারের কাছে বৃহস্পতিবার রাত সোয়া একটার দিকে একটি দ্রুতগামী ট্রাক বরযাত্রীবাহী একটি ট্যাম্পু ও একজন পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্যাম্পুর যাত্রী নরেশ এবং পথচারী ফরহাদ ফকির ঘটনাস্থলেই নিহত হয়। আহত অপর পাঁচজনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
