প্রাথমিক ও কমিউনিটি শিক্ষকদের পর এবার মাদ্রাসা শিক্ষকদের অনশন কর্মসূচি
সরকারী প্রাথমিক এবং কমিউনিটি শিক্ষকরা তাদের আন্দোলন স্থগিত করলেও এবার রাজধানীতে জাতীয় স্কেলে বেতন নির্ধারণের দাবিতে মাঠে নেমেছে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে।
২৫ জুন থেকে মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন শুরু করে। শিক্ষকরা জানান, প্রায় ৮০ হাজার এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের মধ্যে মাত্র ১৫ হাজার শিক্ষক ৫০০ টাকা বেতন পান। বাকিরা বিনা বেতনে কাজ করেন।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বর্ধিত ১০ শতাংশ বেতন বৃদ্ধিসহ ৮ দফা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে। বুধবার বাজেটে তাদের দাবী অনুযায়ী নূন্যতম প্রত্যাশা পূরণ না হলে ১ জুলাই সকল বেসরকারী স্কুল কলেজে পূর্ণ দিবস ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছে। ৩০ জুন শুক্রবার মুক্তাঙ্গনে প্রতিবাদ কর্মসূচী, ১ জুলাই সকল উপজেলা সদরে, ৬ জুলাই সকল জেলা সদরে বিশেষ প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচী রয়েছে। এছাড়া ১৮ জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট, ২৭ থেকে ৩০ জুলাই এর মধ্যে ৮ দফা দাবি না মানা পর্যন্ত ঢাকায় মহা অবস্থান এবং শিক্ষক- কর্মচারি জাতীয় মহাসমাবেশ।
এদিকে, মুক্তাঙ্গনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাকুরী জাতীয়করণ করে ১০০% বেতন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর পৃথককরণ, জাতীয় সংসদে ৫০ টি আসন শিক্ষকদের জন্য সংরক্ষণসহ ১০ দফা দাবী আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচী বহাল রেখেছে। তারা ২৬ জুন থেকে ২৯ জুন পর্যন্ত কালো ব্যাজ ধারণ, ১ জুলাই থেকে ৩ জুলাই ১ ঘন্টা কর্মবিরতি পালন এবং অভিভাবকদের সাথে মতবিনিময়, ৪ জুলাই থেকে ৫ জুলাই ২ ঘন্টা কর্মবিরতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়, ৬ জুলাই থেকে অবিরাম ধর্মঘট এবং ১৫ জুলাই থেকে ঢাকায় মহা অবস্থান ধর্মঘট এবং প্রয়োজনে আমরণ অনশন কর্মসূচী গ্রহণ।
