বিশ্বকাপ: সুইজারল্যান্ডের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জিতলো ইউক্রেন
কোলোনে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে টাইব্রেকারে ৩ - ০ গোলে জয় পেয়েছে ইউক্রেন। কোয়ার্টার--ফাইনালে ইটালির মুখোমখি হবে ইউক্রেন। সোমবার কোলেনের
কোলোন, জুন ২৭ (বিডিনিউজ) - ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে ইউক্রেন ও সুইজাল্যান্ডের মধ্যেকার অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে গোল--শূণ্য থাকার পর পেনাল্টির মাধ্যমে খেলার ফলাফল নির্ধারন করা হয়।
ইউক্রেনের পক্ষে টাইব্রেকারে প্রথমে শেভচেঙ্কো গোল করতে না পারলেও পরের তিনটি গোল করেন মিলেভস্কি, রেবরভ এবং গুসেভ। অন্যদিকে প্রথম থেকে তিন নম্বর পেনাল্টি পর্যন্ত সুইজারল্যান্ডের কেউ গোল না পাওয়ায় বিজয়ী হয় ইউক্রেন।
ম্যাচের প্রথমার্ধে ইউক্রেন ও সুইজারল্যান্ডের তারকা স্ট্রাইকার আন্দ্রে শেভচেঙ্কো এবং অ্যালেক্স ফ্রেই গোল করার সুযোগ পেলেও উভয় দলের গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পাওয়া যায়নি। প্রথমার্ধের ২০ মিনিটের সময় ম্যাক্সিম কলিনিচেঙ্কোর ফ্রি--কিক থেকে বল হেড করেন শেভচেঙ্কো। কিন্তু গোলরক্ষণকে বল ফাঁকি দিলেও গোলপোস্টে লেগে ফিরে আসে। এর চার মিনিট পরেই অ্যালেক্স ফ্রেইয়ের ফ্রি--কিক ইউক্রেনের গোলপোস্টে লেগে ফিরে আসে। নিশ্চিত গোল পাওয়া থেকে উভয় দলই বঞ্চিত হয়।
উভয় দলের রক্ষণভাগের খেলোয়াড়রা প্রতিপক্ষের স্ট্রাইকারদের থামাতে সজাগ থাকে। দ্বিতীয়ার্ধের খেলায় উভয় দলই আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে। কিন্তু তা থেকে খুব একটা সুফল কোনও দলই পায়নি।
৮৯ মিনিটে ইউক্রেনিয়ন খেলোয়াড় আন্দেই নেসমাচনি একক প্রচেষ্টায় বল নিয়ে সুইজারল্যান্ডের ডি--বক্সের মধ্যে প্রবেশ করে দুর্দান্ত শট নিলেও সুইস গোলরক্ষক প্যাসকাল জুবেবুলার তা প্রতিহত করে দেন।
অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় উভয় দল গোলের কোনও সুযোগ সৃষ্টি করতে পারেননি। খেলা টাইব্রেকারে গড়ায়। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ আসরের এই প্রথমবার ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টির মাধ্যমে।
ইউক্রেনের তারকা স্ট্রাইকার আন্দ্রে শেভচেঙ্কো প্রথমে শট নেন। কিন্তু সুইস গোলরক্ষক প্যাসকাল জুবেবুলার শটটি প্রতিহত করে দলকে আনন্দে ভাসিয়ে দেন।
তবে ইউক্রেনের গোলরক্ষক অলেকজান্দ্রে শোভকোভস্কিও কম যান না। সুইস স্ট্রাইকার স্ট্রেলারের নেওয়া শটটি ঠেকিয়ে দেন তিনি।
ইউক্রেনের পক্ষে দ্বিতীয় শট থেকে আর্তেম মাইলভস্কি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। অপরপ্রন্তে সুইস খেলোয়াড় ট্রাঙ্কুইলো বার্নোত্তার নেওয়া দ্বিতীয় শটটি গোলপোস্টে লেগে ফিরে আসে।
ইউক্রেনের পক্ষে তৃতীয় শট থেকে সেরহি রেদ্রভের গোল করতে কোনও সমস্যা হয়নি। সুইস খেলোয়াড় রিকার্ডো ক্যাবানাসের দুর্বল শটটি ইউক্রেনের গোলরক্ষক শোভকোভস্কি প্রতিহত করে দিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়া নিশ্চিত করেন। ইউক্রেনের পক্ষে ম্যাচ জয়ী পেনাল্টি থেকে গোল করেন ওলেগ গুসেভ।
এই জয়ের ফলে ইউক্রেন বিশ্বকাপ ফুটবল আসরে প্রথমবার খেলতে এসেই উঠে গেল কোয়ার্টার--ফাইনালে। ১ লা জুলাই হ্যামবুর্গে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালির মুখোমুখি হবে ইউরোপীয় ফুটবল শক্তি ইউক্রেন।
