চট্টগ্রামে পানিতে ডুবে ২ তরুণী এবং সড়ক দুর্ঘটনায় আরো ২জন নিহত
চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় সোমবার দু তরুণীসহ চারজন মারা গেছেন। এদের মধ্যে বায়েজিদ বোস্তামী এলাকায় দু তরুণী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান।
তারা হলেন-- সাদিয়া বেগম এবং তার বান্ধবী ইউরুন্নেসা। সকাল ১১টায় তারা ওই এলাকার আবুল হোসেনের পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। দুপুর আড়াইটায় তাদের লাশ পানিতে ভেসে ওঠে। বেলা সাড়ে ৩টায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে সোমবার সকালে বাদামতলী ও মুরাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৬২) ও নজরুল ইসলাম নামে দুজনের মৃত্যু হয়েছে।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।
