সুইডেনকে ২ -- ০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি
জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় স্বাগতিক জার্মানি ২ -- ০ গোলে শক্তিশালী সুইডেনকে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে। জার্মানির পক্ষে দু’টি গোলই করেন ফরোয়ার্ড লুকাস পোডোলস্কি।
খেলার মাত্র ৪ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় জার্মানি। সুইডিশ পেনাল্টি বক্সের মধ্যে জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোজের নিখুঁত পাসটি দুর্দান্ত এক শটে জালে জড়িয়ে দেন স্ট্রাইকার লুকাস পোডোলস্কি।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে সুইডেন জার্মানির বিপদসীমানায় বেশ কয়েকটি আক্রমণ চালায়। কিস্তু জার্মানির কঠিন রক্ষণব্যুহ ভেদ করে কোনো গোলের দেখা পায়নি সুইডিশ স্ট্রাইকাররা। বরং প্রথম গোলের মাত্র ৯ মিনিটের মাথায় আরেকটি গোল খেয়ে বসে সুইডেন।
প্রথম গোলের মতো এই গোলেরও গোলদাতা লুকাস পোডোলস্কি আর গোলটি তৈরী করে দেন সেই মিরোস্লাভ ক্লোজ। সুইডিশ পেনাল্টি বক্সের মধ্যে বল টেনে নিয়ে ক্লোজ চমৎকার একটি পাস ঠেলে দেন সতীর্থ পোডোলস্কির কাছে। পোডোলস্কি কোনাকুনি এক শটে সুইডিশ গোলরক্ষক এ্যান্ড্রিয়াস ইসাকসনকে পরাস্ত করলে পুরো স্টেডিয়াম উল্লাসে মেতে ওঠে।
দুই গোলে পিছিয়ে পড়েও সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে শুরু করে সুইডিশ দল। কিন্তু প্রথমার্ধের ৩৫ মিনিটে সুইডিশ ডিফেন্ডার টেডি লুকিক দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড পেয়ে বহিস্কৃত হলে সুইডেন দশজনের দলে পরিনত হয়। ফলে খেলার বাকী সময়টুকু আর ছন্দে ফিরতে পারেনি সুইডিশরা।
দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে একটি গোল করার অপূর্ব সুযোগ পায় সুইডেন। কিন্তু মানসিক চাপে থাকা সুইডিশ স্ট্রাইকার হেনরিক লারসেন পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন । আর এই ব্যর্থতার সাথে সাথে সুইডেনের খেলায় ফিরে আসার শেষ আশা টুকুও ধূলিস্যাৎ হয়ে যায়।
নক আউট পর্বের দ্বিতীয় খেলায় ফেবারিট আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে মেক্সিকো’র। এই খেলার বিজয়ী দলের বিরুদ্ধে জার্মানি ১ জুলাই বার্লিনে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।
