২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টোগোকে ২-- ০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের দ্বারপ্রান্তে সুইজারল্যান্ড

বিশ্বকাপ ফুটবলের ‘জি’ গ্র“পের চতুর্থ ম্যাচে সুইজারল্যান্ড নবাগত টোগোর বিরুদ্ধে ২ - ০ গোলে জয়লাভ করে বিশ্বের সর্ববৃহৎ ফুটবল আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা জোরালো করলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

আর এই পরাজয়ের ফলে বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়লো কোচ অটো ফিস্টারের টোগো।

প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় খেলার প্রথম গোলের দেখা পায় সুইজারল্যান্ড। ডিফেন্ডার লুডোভিক ম্যাগনানের সুন্দর পাসটি অপর সুইস মিডফিল্ডার ট্রাঙ্কুইলো বারনেটা আলতো করে এগিয়ে দেন ফরোয়ার্ড আরেকজান্দার ফ্রেই-এর কাছে। ফ্রেই দর্শণীয়ভাবে বলটি টোগোর জালে জড়িয়ে দিলে এক গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। এবারের বিশ্বকাপে এটাই সুইজারল্যান্ডের প্রথম গোল।

সমতা ফিরিয়ে আনতে টোগো সুইজারল্যান্ডের গোলমুখে বেশ কয়েকটি আক্রমণ চালায়। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতার কারনে প্রথমার্ধে পিছিয়ে থেকেই খেলা শেষ করতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলায় ফিরে আসতে মরিয়া হয়ে আক্রমণ শুরু করে টোগোর স্ট্রাইকাররা। সুইস রক্ষণভাগে কয়েকবার ফাটল ধরাতে সক্ষম হলেও শেষপর্যন্ত কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা। বরং খেলার শেষ মুহুর্তে, ৮৮ মিনিটের মাথায় আরেকটি গোল খেয়ে বসে টোগো। সুইস স্ট্রাইকার ট্রাঙ্কুইলো বারনেটা টোগোর গোলরক্ষক কোসি আগাসাকে পরাস্ত করে দর্শণীয় এক গোল করে সুইসদের জয় নিশ্চিত করেন।

সুইজারল্যান্ড তাদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে গোলশূণ্য ড্র করে ১ পয়েন্ট সংগ্রহ করে। টোগোর বিরুদ্ধে জয়লাভ করায় এখন তারা ৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। অপরদিকে টোগো তাদের প্রথম খেলায় দক্ষিণ কোরিয়ার কাছে ২ -- ১ গোলে পরাজিত হয়।   গ্র“পের অপর দল ফ্রান্স তাদের খেলা দুটি ম্যাচেই ড্র করে ২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

বিজয়ী সুইজারল্যান্ড ২৪ জুন হ্যানোভারে তাদের শেষ গ্র“প ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া’র।  একই দিনে কোলোনে ‘জি’ গ্র“পের শেষ ম্যাচে ফ্রান্স  মুখোমুখি হবে গ্র“পের অপর দল বিদায়ী টোগোর।