মঙ্গলবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরী জানান, সিঙ্গাপুর থেকে বিমানের ভিভিআইপি ফ্লাইটে মঙ্গলবার বেলা ১২টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন রাষ্ট্রপতি।
মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব জানান, রাষ্ট্রপতির স্বাস্থের ক্রমাগত উন্নতি অব্যাহত রয়েছে এবং তিনি ভালো রয়েছেন।
প্রসঙ্গত গত ২৩ মে রাষ্ট্রপতি চেক আপের জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। হাসপাতালে থাকা অবস্থায় তার হার্টের সমস্যা হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
রাষ্ট্রপতির চিকিৎসার জন্য গঠিত উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে ২৪ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মরিস চু’র তত্ত্ববধানে রাষ্ট্রপতির হার্টের এনজিওগ্রাম করা হলে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।
পরে ২৬ মে হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. এমসি টং এর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম রাষ্ট্রপতির হার্টে সফল অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর তার শরীরে আরো কিছু সমস্যা দেখা দিলে চিকিৎসকরা নিবিড় তদারকি ও চিকিৎসার মাধ্যমে তা দূর করেন।
