২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিনিদাদ ও টোবাগোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড

জার্মানির নুরেমবার্গে বিশ্বকাপ ফুটবলের ‘বি’ গ্র“পের তৃতীয় ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগোকে ২--০ গোলে হারিয়ে শিরোপা প্রত্যাশী ইংল্যান্ড এবারের আসরের তৃতীয় দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 12:25 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

বৃটিশ ফুটবলাররা তাদের অতি পরিচিত ৪--৩--৩ ছকে খেলা শুরু করলেও প্রথম দিকে তেমন একটা গুছিয়ে খেলতে পারেনি। অপরদিকে ত্রিনিদাদ ও টোবাগো ৪--৫--১ ছকে মাঝমাঠ গুছিয়ে খেলা চালিয়ে যায়।

খেলার ছয় মিনিটের মাথায় ইংল্যান্ড প্রথম গোলের সুযোগ পায়। পেনাল্টি বক্সের অনেক বাইরে থেকে মিডফিল্ডার ফ্রাংক ল্যাম্পার্ড ত্রিনিদাদের গোলে জোরালো একটি শট নেন। ত্রিনিদাদের গোলরক্ষক হিসলপ বলটি ধরতে ব্যর্থ হলে তা চলে যায় ইংল্যান্ডের ফরোয়ার্ড মাইকেল ওয়েনের কাছে। কিন্তু ওয়েন ঠিকমতো শট দিতে ব্যর্থ হলে সুযোগটি হাতছাড়া হয়ে যায়।

খেলার ১৬ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে ইংল্যান্ড। মিডফিল্ডার জো কোলের পাসটি ফরোয়ার্ড পিটার ক্রাউচ ত্রিনিদাদের গোলে শট নিলেও গোলরক্ষক হিসলপ তা রুখে দেন। এরপর বেশ কয়েকটি আক্রমণের সুযোগ পেলেও কোনো কাজে লাগাতে পারেনি ইংল্যান্ডের স্ট্রাইকাররা।

অন্যদিকে নবাগত ত্রিনিদাদের জন্য গোলের সুবর্ণ সুযোগটি আসে খেলার ৪০ মিনিটে। ইংল্যান্ডের গোলমুখে ত্রিনিদাদের লম্বা ফ্রি কিকটি ত্রিনিদাদের ফরোয়ার্ড জোন্স বৃটিশ গোলরক্ষক পল রবিনসনকে পরাজিত করে জালে প্রায় ঢুকিয়েই দিয়েছিলেন। কিন্তু বৃটিশ ডিফেন্ডার জন টেরি দুর্দান্তভাবে বলটি ক্লিয়ার করে নিশ্চিত গোল খাওয়া থেকে ইংল্যান্ডকে রক্ষা করেন।

জয়ের জন্য মরিয়া হয়ে দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক খেলা শুরু করে ইংল্যান্ড। এই আক্রমণকে আরো জোর করতে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মাইকেল ওয়েনের বদলে মাঠে নামেন ওয়েন রুনি। ইংল্যান্ডের এই স্বনামধন্য ফরোয়ার্ডের এটাই প্রথম বিশ্বকাপ ম্যাচ।

রুনি তেমন কোনো জাদু দেখাতে না পারলেও ইংল্যান্ডের কাঙ্খিত প্রথম গোলটি আসে খেলার ৮৩ মিনিটে। ত্রিনিদাদের পেনাল্টি বক্সের মধ্যে ইংল্যান্ডের অধিনায়ক বেকহ্যাম বল তুলে দিলে পিটার ক্রাউচ হেডের সাহায্যে বলটি জালে ঢুকিয়ে দেন।

খেলার শেষ মিনিটে ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় গোলটি করেন স্ট্রাইকার স্টিভেন জেরার্ড। পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ত্রিনিদাদের গোলরক্ষক হিসলপকে পরাজিত করে দলের জয় সুনিশ্চিত করেন জেরার্ড।

অতিরিক্ত সময়ে ত্রিনিদাদের স্ট্রাইকার স্টার্ন জন একটি দর্শণীয় গোল করলেও অফ সাইডের কারনে জাপানের রেফারী তোরু কামিকাওয়া গোলটি বাতিল করেন।

ইংল্যান্ড তাদের প্রথম খেলায় প্যারাগুয়ে’কে ১--০ গোলে পরাজিত করেছিল। গ্র“পের এপর্যন্ত খেলা ২টি ম্যাচেই জয়লাভ করায় ইংল্যান্ড এখন ‘বি’ গ্র“পের শীর্ষে অবস্থান করছে।

ইংল্যান্ড ২১ জুন কোলোনে তাদের শেষ গ্র“প ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী সুইডেনের। একই দিনে কাইজারস্লটার্নে ‘বি’ গ্র“পের শেষ ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগো মুখোমুখি হবে গ্র“পের অপর দল প্যারাগুয়ের।