হারলেই দেশে ফিরতে হবে সুইডেন কিংবা প্যারাগুয়েকে
জার্মানিতে বিশ্বকাপ আসর জমে উঠতে না উঠতেই ১৫ জুন সুইডেন ও প্যারাগুয়ের মধ্যেকার খেলাকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে দেশে ফিরে যাওয়ার ব্যাপারে আলোচনা শুরু হয়ে গেছে।
গ্র“প ‘বি’ এর শিরোপা প্রত্যাশী দল ইংল্যান্ড প্যারাগুয়েকে ১ - ০ গোলে পরাজিত করে বর্তমানে গ্র“পের শীর্ষে অবস্থান করছে। অপর দুটি দল সুইডেন ও নবাগত ত্রিনিদাদ ও টোবাগো’র মধ্যেকার খেলাটি গোলশূণ্য ড্র হয়। ফলে দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য সুইডেন ও প্যারাগুয়ে উভয় দলের জন্য জয় অত্যন্ত গুরুত্বপূর্ন হয়ে দাঁড়িয়েছে।
প্যারাগুয়ের ফরোয়ার্ড নেলসন হেইডো ভেলদেজ বলেছেন, সুইডেনের বিরুদ্ধে খেলায় হেরে গেলে প্যারাগুয়েকে দেশে ফেরার প্রস্তুতি শুরু করতে হবে।
সুইডেনের কোচ লার্স ল্যাগারব্যাক অবশ্য প্যারাগুয়ের সাথে জয়ের ব্যাপারে বেশ অশাবাদী। লার্স বলেন, প্যারাগুয়েকে আমাদের হারাতে হবে। খেলায় যদি আমরা ড্র করে ফেলি তাহলে আমাদেরকে শেষ খেলায় ইংল্যান্ডকে হারানোর মতো কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।
লার্স আরো জানান, সুইডেনকে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে এখন কমপক্ষে একটি খেলায় জয়ী ও অপরটিতে ড্র করতে হবে। তবে উভয় খেলাতেই জয়লাভ করলে নিশ্চিতভাবেই আমরা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবো। অপরদিকে প্যারাগুয়েও ঠিক একই অবস্থানে রয়েছে।
১৫ জুনের এই গুরুত্বপূর্ণ খেলায় সুইডেনের সেরা গোলরক্ষক এ্যান্ড্রিয়াস আইজ্যাকসন মাঠে নামতে পারেন। তবে প্যারাগুয়েকে তাদের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক অ্যালডো বোবাডিল্লাকে নিয়ে মাঠে নামবে। তাদের সেরা গোলরক্ষক জাস্টো ভিলার ইংল্যান্ডের সাথে খেলায় আহত হওয়ায় বিশ্বকাপের বাকী খেলাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন।
প্যারাগুয়ের ডিফেন্ডার দেলিও টলেডো রোববার অনুশীলনের সময় আহত হওয়ায় সুইডেনের সাথে খেলায় অংশগ্রহন করতে পারছেননা।
প্যারাগুয়ের কোচ এ্যানিবল রুইজ জানান, দেলিও’র বদলে তিনি এ্যাটাকিং লেফট ব্যাক জর্জ নুনেজকে মাঠে নামাবেন।
