সাতক্ষীরা সীমান্তে বিডিআর--বিএসএফ গুলি বিনিময়: ১ বিএসএফ সদস্যসহ নিহত ৩, আহত ৫, সীমান্তে উত্তেজনা
সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহ সীমান্তে সোমবার রাতে বিডিআর--বিএসএফ’র মধ্যে গুলিবিনিময়ে এক বিএসএফ সদস্যসহ তিন ভারতীয় নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচ জন আহত এবং বেশ কয়েকজন নিখোঁজের খবরও পাওয়া গেছে।
নিহতরা হলো- বিএসএফ সদস্য রাজেন্দ্র শর্মা (২৬), ভারতীয় নাগরিক শরীফুল (২০) ও কবির আলম (২৮)।
সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর একটি টহল বোর্ড নিয়ে সীমান্তের ইছামতী নদীর আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের হাড়দ্দহ নামক স্থানে ঢুকে বাঙ্গালী জেলেদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় টহলরত বিডিআর বাহিনী বিএসএফকে বাধা দিলে বিএসএফ কয়েক রাউন্ড গুলি চালায়। জবাবে বিডিআরও ১৯ রাউন্ড গুলি চালায়। আধা ঘন্টাব্যাপী এই গুলিবিনিময়ে রাজেন্দ্র, শরীফুল ও কবির আলম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। দু’পক্ষের গোলাগুলিতে কমপক্ষে পাঁচজন আহত হয়। এছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে সূত্র জানায়।
এদিকে বিএসএফ সদস্য নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকালে ভারতের সোলাদানা কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত বিএসএফ বাংলাদেশের হাড়দ্দহ বিডিআর ক্যাম্পে প্রতিবাদ লিপি পাঠালে বিডিআরের পক্ষ থেকেও পাল্টা প্রতিবাদ লিপি পাঠানো হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা-৪১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আসাওয়াদুর রহমানের সাথে কথা বললে তিনি বিডিআর--বিএসএফ’র মধ্যে গুলিবিনিময়ে একজন বিএসএফ সদস্য নিহতের কথা স্বীকার করেন। তবে অপর কোনও ব্যক্তি নিহত হয়েছে কিনা সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান।
এ ঘটনায় সাতক্ষীরা সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সূত্র জানায়, ভারতের বসিরহাট সীমান্তে বিএসএফ কে রেড এলার্ট জারি করে ভারী অস্ত্র নিয়ে পাহারা দিতে দেখা গেছে।
এদিকে বিডিআরকেও সীমান্তে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে সূত্র জানায়।
