২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চেক রিপাবলিকের ৩-০ গোলের সহজ জয়

জার্মানির গেলসেনকারশেনে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ‘ই’ গ্র“পের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চেক রিপাবলিক ৩ -০ গোলের সহজ জয় পেয়েছে। চেক রিপাবলিকের পক্ষে টমাস রোসিকি ২ টি ও জাঁ কোলার একটি গোল করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 12:27 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

খেলার প্রথম থেকেই একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে পাভেল নেদভেদের চেক রিপাবলিক। এর সুফলও তারা পায় মাত্র ৫ মিনিটের মাথায়। ডিফেন্ডার জেদেনেক গ্রাইগেরা’র মাপা ক্রসটি নিপুণ হেডে যুক্তরাষ্ট্রের জালে ঢোকাতে মোটেই ভুল করেননি ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা দৈত্যাকার ফরোয়ার্ড জাঁ কোলার।

পিছিয়ে পড়া যুক্তরাষ্ট্র গোল শোধের জন্য চেক গোল সীমানায় বেশ কয়েকটি আক্রমণ চালালেও স্ট্রাইকারদের ব্যর্থতার কারণে গোলের দেখা পায়নি তারা। স্ট্রাইকার ক্লডিও রাইনা’র শটটি চেক রিপাবলিকের গোলরক্ষক পিটার চেক’কে ফাঁকি দিতে পারলেও বারে লেগে ফিরে আসে। হাতছাড়া হয়ে যায় গোল শোধের সুবর্ণ সুযোগটিও।

খেলার ৩৬ মিনিটে চেক দলকে আবারো এগিয়ে নিয়ে যান মিডফিল্ডার টমাস রোসিকি। ৩০ গজ দূর থেকে নেয়া রোসিকি’র দুর্দান্ত শটটি মার্কিন গোলরক্ষক কেসি কেলারকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করলে উপস্থিত চেক সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলায় ফিরে আসার চেষ্টা করে যুক্তরাষ্ট্র । কিন্তু চেক রক্ষণভাগের কাছে বেশ অসহায়ই মনে হয়েছে মার্কিন স্ট্রাইকারদের। চেকদের ছন্দোময় খেলার সামনে কোনো সুযোগ পায়নি তারা।

খেলার ৭৬ মিনিটে দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন টমাস রসিকি। নেদভেদের সুন্দর পাসটি ডান পায়ে উঁচু করে জালে ঢুকিয়ে দেন আর্সেনালের এই তরুণ মিডফিল্ডার। এর আগে ৬৭ মিনিটের সময় তার একটি শট বারে লেগে ফিরে আসে।

বাজে ধরনের ফাউল করার জন্য যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ওগুচি ওনিইয়ু, মিডফিল্ডার ক্লডিও রেইনা এবং চেক রিপাবলিকের মিডফিল্ডার  জেদেনেক গ্রাইগেরা, ডিফেন্ডার ডেভিড রোজেনাল এবং  টমাস রোসিকিসহ ৫জনকে হলুদ কার্ড দেখান প্যারাগুয়ের রেফারী কার্লোস আমারিল্লা।

বিজয়ী চেক রিপাবলিক ১৭ জুন কোলোনে তাদের দ্বিতীয় গ্র“প ম্যাচে বিশ্বকাপে নবাগত ঘানা’র মুখোমুখি হবে। ১৮ জুন কাইজারস্লটার্নে  ইউএসএ মুখোমুখি হবে গ্র“পের অপর ফেভারিট দল ইতালীর।