খুলনায় পুলিশের এনকাউন্টারে সন্ত্রাসী নিহত
খুলনা নগরীর বসুপাড়া কবরস্থানে বৃহস্পতিবার ভোরে পুলিশের সাথে এনকাউন্টারে এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীর নাম আশিকুর রহমান রিংকু।
পুলিশ জানায়, খুলনার সোনাডাঙ্গা বাইপাস এলাকা থেকে বুধবার রাতে রিংকুকে গ্রেপ্তার করা হয়।
রিংকুর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য বসুপাড়া কবরস্থানের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রিংকুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় রিংকু পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিংকুকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত রিংকুর বিরুদ্ধে একটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
