টঙ্গীতে বাটা সু ফ্যাক্টরির শ্রমিকদের ৩ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ
টঙ্গীর বাটা সু ফ্যাক্টরির শ্রমিকরা চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবিতে বুধবার সকালে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে।
ফ্যাক্টরির সাড়ে আটশ’ শ্রমিক অস্থায়ীভাবে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছে। এই শ্রমিকদের চাকরি স্থায়ী করার ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কর্ণপাত করেনি বলে শ্রমিকরা অভিযোগ করে।
শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, ঈদ বোনাস ও পরিচয়পত্র প্রদানের তিন দফা দাবি জানিয়ে সকালে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ প্রকাশ করে।
এসময় তারা হুমকি দেয়, দাবি মানা না হলে বৃহস্পতিবার বাটা’র টঙ্গী ও ধামরাই ফ্যাক্টরি অচল করে দেওয়া হবে।
বাটা শ্রমিক সূত্র জানায়, স্থায়ী শ্রমিকদের দৈনিক আধ লিটার দুধ, সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। অথচ সমপরিমান শ্রম দিয়েও অস্থায়ী শ্রমিকরা এসব থেকে বঞ্চিত হচ্ছে।
তারা আরও জানায়, স্থায়ী শ্রমিকদের পারিশ্রমিক পাঁচশ থেকে সাড়ে পাঁচশ টাকা, সেখানে অস্থায়ীরা পাচ্ছেন মাত্র একশ’ পাঁচ টাকা।
এছাড়া নিয়োগ ও পরিচয়পত্র না থাকায় ফ্যাক্টরির ভেতর ও বাইরে প্রতিনিয়তই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এ সব শ্রমিকদের।
শ্রমিকরা তাদের দাবি পূরণে বিক্ষোভ মিছিল ও দফায় দফায় সমাবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।
