২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে দোষারোপ করে তৈরি পোশাক খাতের দেশী--বিদেশী বিনিয়োগকারীদের কারখানা বন্ধের হুমকি

দেশের তৈরি পোশাক উৎপাদন খাতের দেশী--বিদেশী বিনিয়োগকারীরা শনিবার এ শিল্পে চলমান নৈরাজ্য প্রতিরোধে সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করে বলেছে, এটি যদি অব্যাহত থাকে, তাহলে তারা তাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 08:54 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেতিবাচক প্রতিক্রিয়ার আশংকায় এ শিল্পে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। কেএম জন রোমেল নামে একজন কারখানা মালিক বিডিনিউজকে বলেন, তৈরি পোশাক খাতে সর্বশেষ তিন মাসে প্রায় এক বিলিয়ন ইউএস ডলারের এলসি খোলা হয়েছে। কিন্তু এই শিল্পে অব্যহত শ্রমিক অসন্তোষ চলার কারণে তা ঝুঁকির মুখে পড়েছে।

দেশের মোট রপ্তানি আয়ের তিন চতুর্থাংশ আর্জনকারী তৈরি পোশাক উৎপাদন খাতে ২২ মে থেকে শ্রমিক অসন্তোষ চলে আসছে। এ পরিস্থিতি কিছু বায়ার তাদের অর্ডার ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন বলে রপ্তানিকারকরা অভিযোগ করেন।

একজন স্থানীয় তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক বলেন, আজ (শনিবার) ঢাকা রপ্তানি প্রক্রিয়া অঞ্চলে অবস্থিত বিভিন্ন কারখানায় অসন্তোষ ও ভাংচুর আর্ন্তজাতিক ক্রেতাদের পাশাপাশি বিনিয়োগকারীদেরও নেতিবাচক ইঙ্গিত প্রদান করবে।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সহ--সভাপতি সালাম মুর্শেদী বলেন, চলমান নৈরাজ্য অব্যহত থাকলে তারা তাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হবেন।

তৈরি পোশাক খাতে চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে আর্ন্তজাতিক বায়াররা স্থানীয় রপ্তানিকারকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন বলেও তিনি উল্লেখ করেন।

জন রোমেল বলেন, বর্তমান অবস্থার কারণে সর্বশেষ দুই সপ্তাহে কিছু আর্ডার পরিবর্তিত হয়ে কম্বোডিয়ায় চলে গেছে।

চলমান নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গড়িমসি করায় সালাম মুর্শেদী সরকারকে দোষারোপ করেন।

এদিকে ঢাকা ইপিজেড এলাকার দেশী--বিদেশী বিনিয়োগকারীরা সরকারকে হুমকি দিয়ে বলেছে, কারখানা এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তারা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হবেন।