শ্রমিককে চাকরিচ্যুত করায় আকিজ বিড়ি কারখানায় ভাংচুর, কারখানা বন্ধ
যশোরের নাভারনে দেশের অন্যতম বিড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকিজ বিড়ি কারখানায় শনিবার চাকুরিচ্যুত এক শ্রমিকের নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনায় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দিয়েছে।
কারখানা শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি আকিজ বিড়ি কারখানার পেটিম্যান আনোয়ার হোসেন চেকার হাবিবুর রহমানকে মারধর করে। এ ঘটনায় কর্র্তৃপক্ষ আনোয়ারকে চাকুরিচ্যুত করে। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেন শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার দলবল নিয়ে কারখানায় হামলা চালায় এবং তিন লাখ বিড়ি লুট, কারখানার জানালা ও এসি রুমে ভাংচুর করে।
কারখানার একজন মুখপাত্র জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা ও ভাংচুর চলাকালে কারখানার ক্যাশিয়ার খলিলুর রহমান, চেকার জিয়াউর রহমান ও গার্ড আইয়ুব হোসেনকে মারধর করা হয়।
কারখানার ম্যানেজার আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কর্তৃপক্ষ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।
উল্লেখ্য, বিড়ি বাধাই হাজার প্রতি এক টাকা বৃদ্ধির দাবিতে ২৯ মে কারখানার পাঁচ হাজার শ্রমিক কাজ বন্ধ করে দেয়। পরে কর্তৃপক্ষ বিড়ি বাধাইয়ে হাজারে ১১ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়।
