২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিুমানের জেট ফুয়েল এনে বিপিসির সাড়ে ৪ কোটি টাকার লোকসান, তিন বছরেও আদায়ে উদ্যোগ নেই

কুয়েত থেকে আমদানি করা নিুমানের জেট ফুয়েল কেরোসিন হিসেবে বিক্রি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রায় চার কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৮৯৩ টাকা লোকসান দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 04:20 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

জ্বালানী ও খণিজ সম্পদ মন্ত্রণালয় ২০০২ -- ০৩ অর্থবছরে বিপিসির ওই লোকসানের অর্থ আদায়ে তিন বছরেও কোনো পদক্ষেপ নেয়নি।

মন্ত্রণালয়ের ওই বছরের বার্ষিক অডিট রিপোর্টে একথা বলা হয়েছে।

রিপোর্টে বলা হয়, ২০০২ সালে বিপিসি কুয়েতের মেসার্স এনার্জি ইন্টারন্যাশনাল থেকে ২৩ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৬৩৫ টাকা মূল্যের ১১ হাজার ১৮৭ মেট্রিক টন ৯২৬ লিটার জেট ফুয়েল এবং ২১ কোটি ২৮ লাখ ২২ লাখ ৮৩০ টাকা মূল্যের ১২ হাজার ৫১৮ মেট্রিক টন ৯৯০ লিটার কেরোসিন আমদানি করে।

এতে প্রতি লিটার জেট ফুয়েল ২১ দশমিক ১৫ টাকা এবং কেরোসিন ১৭ টাকা হিসেবে মূল্য ধরা হয়। ওই জ্বালানী একই বছরের ১৭ আগস্ট ভিয়েতনামের একটি জাহাজ করে চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

ওই ফুয়েল ও কেরোসিন খালাসের আগেই পরীক্ষা করা হয় পদ্মা অয়েল কোম্পানির ল্যাবরেটরিতে। নিুমানের ওই জেট ফুয়েল ফেরত নেওয়ার জন্য সরবরাহকারি প্রতিষ্ঠান এনার্জি ইন্টারন্যাশনালকে অনুরোধ করা হয়। কিন্তু তারা ওই জেট ফুয়েল  ফেরত নেয়নি। বিপিসি কোম্পানীটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ওই ফুয়েলগুলো কেরোসিন হিসেবে গ্রহণ করে।

এতে বিপিসির মোট লোকসানের পরিমান দাঁড়ায় প্রায় চার কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৮৯৩ টাকা।

কম্পট্রোলার ও অডিটর জেনারেল আসিফ আলী স্বাক্ষরিত ওই অডিট রিপোর্টে বলা হয়, ঘটনার জন্য দোষী ব্যক্তিদের চিহ্নিত ও সরবরাহকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষতির টাকা আদায়ে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি মন্ত্রণালয় অডিট অফিসকেও এ ব্যাপারে কিছু জানায়নি।