গাজীপুরে পৃথক দুর্ঘটনায় ৩জন নিহত
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদরে রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
সূত্র জানায়, সালনা ফ্লাইওভারের উত্তর পাশে সকাল ৮টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী গ্রিন ক্যাব কোম্পানির একটি ট্যাক্সি ক্যাবের চালক নিয়ন্ত্রণ হারিয়ে হাজিমা বেগম (৩২) ও আব্দুর রহিম নামের দুই পথচারিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে সকাল ১০টার দিকে ভোগড়া এলাকার বাইপাস বিশ্বরোড চৌরাস্তায় শ্রীপুর থেকে ঢাকাগামী বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথচারি রাশেদুলকে (২৮) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাশেদুলের বাড়ি রংপুরের পীরগঞ্জে।
উভয় দুর্ঘটনায় জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ যানবাহন দুটি আটক করলেও চালকরা পালিয়ে যায়।
