২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘানা - তুরস্ক ওয়ার্মআপ ম্যাচ ১ - ১ গোলে ড্র

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর বুচামে শুক্রবার ওয়ার্মআপ ম্যাচে তুরস্কের সাথে ১ - ১ গোলে ড্র করেছে প্রথমবারেরমত বিশ্বকাপ খেলতে আসা ঘানা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

৯ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ তুরস্ক ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায়। ১৭ মিনিটে নিহাত কাহভেকির পা থেকে আসে গোলটি।

খেলার একেবারে অন্তিম মুহূর্তে কৃষ্ণ তারকাদের হয়ে সমতাসূচক গোলটি করেন বুরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার ম্যাথু আমোয়াহ।

বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার স্যামুয়েল কুফোরের নেতৃত্বে শক্তিশালী ডিফেন্সের ঘানা বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইতালির বিরুদ্ধে। বিশ্বকাপের ই গ্রুপে ঘানার আরও দুই প্রতিপক্ষ হচ্ছে চেক রিপাবলিক এবং যুক্তরাষ্ট্র।

তুরস্ক দলের রয়েছেন জার্মানির বুন্দেসলিগার বেশকয়েকজন খেলোয়াড়। এদের মধ্যে অন্যতম হচ্ছেন শালক ০৪ এর হামিত আলটিনটপ এবং ডর্টমুন্ডের নূরী শাহিন।

ঘানা বিশ্বকাপের চুড়ান্ত লড়াইয়ে নামার আগে ২৯ মে ইংল্যান্ডের লিচেস্টারে জ্যামাইকার বিরুদ্ধেএবং ৪ জুন গ্লাসগোতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আরও দু’টি ওয়ার্মআপ ম্যাচ খেলবে। এই ম্যাচের পরই ঘানা জার্মানির ওয়ের্জবার্গে আস্তানা গাড়বে।