সিলেটে বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০জন আহত, নগর পরিস্থিতি থমথমে
সিলেট নগরীতে বৃহস্পতিবার বিএনপি’র দু’গ্রুপের মধ্যে ঘন্টাব্যাপী ধাওয়া--পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান এমপি ও স্থগিত ঘোষিত সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইলিয়াস আলী এমপি’র সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র জানায়, দীর্ঘদিনের বিরোধের জের ধরে বুধবার রাতে একদল ক্যাডার ইলিয়াস আলীর শাহজালাল উপশহরস্থ বাসভবনে হামলা চালায়।
প্রতিবাদে বৃহস্পতিবার ইলিয়াস আলী সমর্থকরা পাল্টা হামলার প্রস্তুতি নিলে প্রতিদ্বন্ধী গ্রুপটিও রাস্তায় নামে। দু’গ্রুপের মধ্যে মারমুখী অবস্থান ও প্রস্তুতির প্রেক্ষিতে নগরীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও বিকাল ৩টার দিকে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা-ধাওয়ায় লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। বিকাল ৫টা পর্যন্ত সংঘর্ষ চলাকালে ব্যবসা প্রধান এলাকা বন্দরবাজার ও জিন্দাবাজারের সকল দোকান বন্ধ থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও নগরে থমথমে ভাব বিরাজ করছে।
