২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দফা ঘোষণা অনুমোদনের মধ্যে দিয়ে সার্ক পরিবেশমন্ত্রীদের সম্মেলন সমাপ্ত

সার্ক এর পরিবেশ মন্ত্রীদের দিনব্যাপী ৭ম সম্মেলন বুধবার ১০ দফা ঘোষণা গ্রহণের মধ্যে দিয়ে শেষ হয়েছে। শিগগিরই আঞ্চলিক পরিবেশ চুক্তি (আরইটি) বিষয়ক ধারণাপত্র প্রণয়নে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন এ দফাসমূহের মধ্যে অন্যতম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সম্মেলন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম এমটি আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র পড়ে শোনান। তরিকুল জানান, ভারতে যৌথ নদী প্রবাহের বিষয়ে সম্মত হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি অবশ্য জানান, ভারতের নদী সংযোগ প্রকল্প নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয় নি।

বিতর্কিত ইস্যুটির দিকে ইঙ্গীত করে মন্ত্রী বলেন, আমাদের লক্ষ ছিলো আলোচনাটি সফল করে তোলা, মাঝপথে ভেঙ্গে দেওয়া নয়।

পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ও পরিবেশ ও বন সচিব জাফর আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন।

ঘোষণায় আরও রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২০০৭ সালে সবুজ দক্ষিণ এশিয়া বর্ষ পালনের জন্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ। ২০০৬ সালের সেপ্টেম্বরের মধ্যে কর্মসূচি চূড়ান্ত করা হবে এবং ২০০৭ সালের ১ জানুয়ারি সার্ক দেশগুলোতে এ কর্মসূচি পালিত হবে।

সম্মেলনে সার্ক এলাকায় দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনায় গত ফেব্রুয়ারি ঢাকায় একটি কর্মশালায় প্রণীত ফ্রেমওয়ার্ক অনুমোদন করা হয়।

অন্যান্য বিষয়ের মধ্যে ঘোষণায় আরও রয়েছে সার্ক দেশসমূহের মধ্যে একটি সমন্বিত পরিবেশ মান স্থাপনে পদক্ষেপ গ্রহণ, ভুটানে সার্ক বনায়ন কেন্দ্র স্থাপন, ঢাকায় সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র ও মালেতে সার্ক উপক’ল ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন।

সকালে সার্ক পরিবেশ মন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান জোর দিয়ে বলেন, এক দেশের কোনও পদক্ষেপের কারণে এ অঞ্চলের অন্য দেশের যেন ক্ষতি না হয় তা নিশ্চিত করতে হবে।

আঞ্চলিক ফোরাম যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এক দেশের কোনও কার্যক্রমের ফলে যেন একই অঞ্চলের অন্যান্য দেশগুলোর প্রতিবেশ এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন।

দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য অর্থনৈতিক বিকাশ ও প্রতিবেশ ও পরিবেশ রক্ষায় সার্ক দেশেগুলোর মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপনের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

উদ্বোধনী অধিবেশনের সভাপতি পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিবেশ বিপর্যয় রোধকল্পে এ বৈঠকে একটি সহযোগিতামূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে ভারতীয় পরিবেশ প্রতিমন্ত্রী ন্যামো নারিন মীনা, মালদ্বীপের পরিবেশ, জ্বালানি ও পানি বিষয়ক মন্ত্রী আহমেদ আবদুল্লাহ, শ্রীলঙ্কার পরিবেশ মন্ত্রী মৈথড্রিপালা সিরিসেনা এবং ভুটানের জাতীয় পরিবেশ কমিশনের মন্ত্রী দাশো নাদো রিনচেন বক্তব্য রাখেন।

সার্ক মহাসচিব লিওনপো চেনকায়েব দর্জি এবং বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীও অধিবেশনে বক্তব্য রাখেন।

সার্ক দেশের পরিবেশ মন্ত্রীরা বলেন, বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস, সুনামি এবং ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ দক্ষিণ এশিয়ার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিশাল চ্যালেঞ্জ হয়ে আছে।

বিশ্বব্যাপী বায়ুম-লের উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র স্তরের ওপরে উঠে যাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে জাতীয় দুর্যোগের বিষয়গুলো সাম্প্রতিক সময়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেও তারা মতামত ব্যক্ত করেন।