ভিয়েরার বাড়িতে ডাকাতির ঘটনা তদন্ত করছে পুলিশ
ফ্রান্স ফুটবল দলের মিডফিল্ডার প্যাটট্রিক ভিয়েরার ফ্রেঞ্চ রিভেরার বাড়িতে ডাকাতির ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ভিয়েরা বলেন, ডাকাতরা তার কেনসে অবস্থিত বাড়িতে ঢুকে গয়না এবং তার মার্সিডিজ গাড়িটি নিয়ে পালিয়ে যায়। গাড়িটি পরে নিসে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। নিস এবং কেনসের পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।
তিগনিসের ফ্রেঞ্চ আল্পস রিসোর্টে ফ্রান্স বিশ্বকাপ দলের সাথে অনুশীলনে যোগ দিতে যাওয়ার আগের রাতেই ঘটে এই ডাকাতির ঘটনা।
ফরাসি এবং ব্রিটিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলা হয়, ভিয়েরা, স্ত্রী শেরিল এবং তাদের একমাত্র কন্যা জেগে নেই নিশ্চিত হয়েই ডাকাতরা ঘরে প্রবেশ করে।
ভিয়েরা (২৯) দীর্ঘদিন ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে খেলার পর গত বছর ইতালির জুভেন্টাসে যোগ দেন। ফ্রান্সের হয়ে খেলা ৮৪ টি ম্যাচে ভিয়েরা গোল করেছেন চারটি।
