অসুস্থ রাষ্ট্রপতিকে সিএমএইচে ভর্তি, সিঙ্গাপুরে নেয়া হচ্ছে
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদকে চিকিৎসার জন্যে মঙ্গলবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে রাষ্ট্রপতি শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।
রাষ্ট্রপতি বিকেলে সিএমএইচে ভর্তি হওয়ার পর তার প্রেসসচিব মোখলেসুর রহমান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাষ্ট্রপতির অবস্থা পর্যবেক্ষণে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাকে (রাষ্ট্রপতি) পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্যে তাকে দেশের বাইরে পাঠানো হতে পারে।
সূত্র জানায়, বিশ্ববিখ্যাত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য ইতোমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স রিক্যুজিশন দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে (জিয়া) অবতরণ করবে বলে সূত্র জানিয়েছে।
এর আগে রাষ্ট্রপতির চিকিৎসার জন্যে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা হলেন—সিএমএইচের জেনারেল রব্বানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক সালাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মালেক এবং রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল বাহার।
অসুস্থ রাষ্ট্রপতিকে দেখতে স্থানীয় সরকারমন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়াসহ অন্যান্য মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সিএমএইচে যান।
