২০০০ সালের ভোটার তালিকা হাল নাগাদ করতে ইসিকে সুপ্রিম কোর্টের নির্দেশ
সুপ্রিম কোর্ট মঙ্গলবার ২০০০ সালের ভোটার তালিকা থেকে মৃত, মতিস্ক বিকৃত ও বাংলাদেশের নাগরিক নয় এমন লোকদের নাম বাদ দিয়ে ওই তালিকাকেই হাল নাগাদ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিনুল কবির চৌধুরী সমন্বয়ে আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত হাইকোর্টের রায়ের ওপর প্রধান নির্বাচন কমিশনারের দায়ের করা আপিলও খারিজ করে দেন।
বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগেরই একজন বিচারক।
দুই পক্ষের কৌঁসুলীদের দায়ের করা আর্জির পরিপ্রেক্ষিতে টানা পাঁচদিনের দীর্ঘ শুনানির পর মঙ্গলবার ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে আপিল বিভাগের দেওয়া রায়ে সামান্য পরিবর্তন সাপেক্ষে হাইকোর্টের রায়ই বহাল রাখা হয়েছে।
মূল রিট আবেদনকারীর আইনজীবী সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুসারে নির্বাচন কমিশন ইতোমধ্যে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তা সম্পূর্ণ অবৈধ। অপরদিকে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট টিএইচ খান এ ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকেন।
সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের জারি করা পাঁচটি পর্যবেক্ষণের মাত্র দুটিতে পরিশীলিত ভাষায় পরিবর্তন এনেছেন।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ে মৃত ও বিকৃতমস্তিষ্ক ব্যক্তি এবং বাংলাদেশের নাগরিক নন এমন লোকদের বাদ দিয়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী আগামী সাধারণ নির্বাচনের জন্যে বিদ্যমান ভোটার তালিকার আলোকে ভোটার তালিকা প্রণয়ন করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ জারি করেছেন। ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে বিদ্যমান ভোটার তালিকায় অন্তর্ভুক্তদের নাম বাদ দেওয়া যাবে না।
আপিল বিভাগের রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ব্যাপারে একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।
আগামী সাধারণ নির্বাচনের জন্যে ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত অনিশ্চয়তা থেকে সুপ্রিম কোর্টের এ রায় জাতিকে মুক্ত করেছে বলে ড. কামাল হোসেন জানান।
তিনি মন্তব্য করেন, ভোটার তালিকা প্রণয়ন নিয়ে নির্বাচন কমিশন ভুল পথে ধাবিত হচ্ছিল। সর্বোচ্চ আদালতের রায়ের ফলে নির্বাচন কমিশনকে তাদের এ ভুল শোধরাতে হবে।
ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, নির্বাচন কমিশনের প্রণয়ন করা খসড়া ভোটার তালিকা অবৈধ, অগ্রহণযোগ্য এবং অকার্যকর। এ ভোটার তালিকার মাধ্যমে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।
ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বলেন, খসড়া ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন কমিশন আদালত অবমাননা করেছে।
নতুন ভোটার তালিকা প্রণয়নে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের একক সিদ্ধান্ত এবং রাজনৈতিক বিবেচনায় নির্বাচন কমিশন সচিবালয়ে তিন লাখ ভোটার গণণাকারী নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৫ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগের সাংসদ আব্দুল জলিল এমপি, অ্যাডভোকেট রহমত আলী এমপি এবং আসাদুজ্জামান নূর এমপি হাইকোর্টে দুটি পৃথক রিট আবেদন দায়ের করেন।
প্রথমে হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে ভোটার তালিকা সংক্রান্ত মামলা চলতে থাকলেও নির্বাচন কমিশন ২০০৬ সালের ১ জানুয়ারি ভোটার তালিকা প্রণয়ন শুরু করে এবং ৩ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে।
রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ৪ জানুয়ারি পাঁচ দফা পর্যবেক্ষণ সম্বলিত একটি রায় প্রদান করেন। রায়ে ২০০০ সালের বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের পর্যবেক্ষণে মৃত ও বিকৃতমস্তিষ্কদের ভোটার তালিকা থেকে বাদ এবং ১৮ বা তদুর্ধ্বদের ভোটার তালিকাভুক্ত করতে বলা হয়। রায়ে অনুপস্থিত ভোটারদের বাদ না পড়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে নিশ্চয়তা প্রদান করতে বলা হয়।
হাইকোর্টের আদেশে আরো বলা হয়, চিঠি বা নোট চালাচালির মাধ্যমে নয়, বরং সরাসরি আলোচনার মাধ্যমে ইসি সদস্য ও সিইসি’র সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত নেয়া উচিত।
সংবিধান অনুসারে ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বভার নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত এবং সংবিধান ও অন্যান্য আইনের বিধান অনুযায়ী নির্বাচন কমিশনকেই এ দায়িত্ব সম্পাদন করতে হবে বলে হাইকোর্টের আদেশে বলা হয়।
হাইকোর্টের রায়ে বলা হয়, কোনো রাজনৈতিক দল কর্তৃক প্রভাবিত হয়ে বা কোনো রাজনৈতিক দলের চাপ বা দাবির মুখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে না।
হাইকোর্টের দুটি পর্যবেক্ষণের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার ১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে একটি লিভ টু আপিল দায়ের করেন। পর্যবেক্ষন দুটি হচ্ছে: ২০০০ সালের বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার তালিকা প্রণয়ন এবং পূর্ণাঙ্গ রায় গণমাধ্যমে প্রকাশ করা।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনের লিভ টু আপিল ১৭ এপ্রিল সুপ্রিম কোর্ট মঞ্জুর করেন এবং ১৪ মে আপিলের শুনানি শুরু হয় এবং সোমবার তা শেষ হয়।
রিট আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার আমীর উল ইসলাম। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার তানিয়া আমীর, ড. শিরিন শারমিন চৌধুরী, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার তানজিবুল আলম।
প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট টিএইচ খান এবং অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট তৌফিক ইনাম টিপু এবং ব্যারিস্টার নাসিরুদ্দিন আসিম।
অপরদিকে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারের এজে মোহাম্মদ আলী।
