২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে রাবি উপাচার্যের কটুক্তি: সংবাদ বর্জনের সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংবাদপত্র ও সাংবাদিকদের কর্মকান্ড সম্পর্কে ঢালাওভাবে কটুক্তি করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা প্রশাসনের সকল প্রকার সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের পক্ষে সংবাদ পরিবেশন না করায় এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ছাত্রত্ব বাতিলের হুমকি দেন।

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 09:47 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

উপাচার্য তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত এ কর্মসূচি অব্যহত থাকবে বলে ঘোষণা দেন সাংবাদিকরা।

সূত্র জানায়, রোববার সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর এম. আলতাফ হোসেন সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘কোন মারামারি, ভাংচুর হলে সাংবাদিকদের খবর দিতে হয়না। তারা ছুটে গিয়ে সেইসব সংবাদ প্রচার করে। ক্যাম্পাসে কেউ কালো পতাকা নিয়ে মিছিল করলে তা সংবাদ হয়। অথচ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের খবর তাদের চোখে পড়েনা।’ এছাড়াও তিনি রাবিতে কর্মরত সাংবাদিকদের চরিত্র এবং সংবাদপত্র সম্পর্কে ঢালাওভাবে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করেন বলে সাংবাদিকরা অভিযোগ করেন।

প্রতিবাদে সাংবাদিকরা ক্যাম্পাসের আম তলায় সোমবার সকালে জরুরি বৈঠকে মিলিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল প্রকার সংবাদ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন। উপাচার্যের কটুক্তিকে অত্যন্ত আপত্তিজনক ও মানহানিকর বলে দাবি করে সাংবাদিকরা বলেন, এ মন্তব্য সাংবাদিকদের বিভিন্ন কর্মকান্ডকে হেয় প্রতিপন্ন এবং স্বাধীন সাংবাদিকতায় হুমকি স্বরূপ। 

এ ব্যাপরে রাবি উপাচার্য প্রফেসর এম. আলতাফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘প্রশাসনের বিভিন্ন কর্মকান্ডের খবর সাংবাদিকরা প্রকাশ করেনা। তাই তাদের  নিয়ে সমালোচনা করেছি মাত্র।’

প্রশাসনের পক্ষে সংবাদ পরিবেশন না করায় ইতোপূর্বেও রাবি উপাচার্য প্রফেসর এম. আলতাফ হোসেন রাবিতে কর্মরত সাংবাদিকদের ছাত্রত্ব বাতিলের হুমকি দেন। পরে সাংবাদিকরা উপাচার্য বিরোধী আন্দোলন করলে তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।