বিতর্কিত এম. মুহাদ্দেস এবার পিআইও
প্রধান তথ্য কর্মকর্তা পদে এবার নিয়োগ লাভ করেছেন বিতর্কিত এম. মুহাদ্দেস। ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের প্রেস সেক্রেটারি হিসেবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে অন্যান্যের মধ্যে মুহাদ্দেস অন্যতম ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিচারপতি লতিফুর রহমানের প্রিয়ভাজন বিসিএস তথ্য ক্যাডারের এই কর্মকর্তা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই বিচারপতি লতিফুর রহমানকে দিয়ে নিউইয়র্কে বাংলাদেশ মিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগ বাগিয়ে নেন। সম্প্রতি ওই পদে চাকুরির মেয়াদ শেষ করে দেশে ফিরে আবার বাগিয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তার পদটি।
বিএনপি’র নীতি নির্ধারক মহলের বিশেষ আস্থাভাজন এম. মুহাদ্দেসকে এক বছরের জন্যে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে বিদায় আসন্ন বিএনপি সরকার। আগামী নির্বাচনকালীন সময়ে সরকারের এই গুরুত্বপূর্ণ পদটিতে তিনি বহাল থাকবেন।
দেশী - বিদেশী সংবাদ মাধ্যমকে তথ্য প্রদান সংক্রান্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা দল নিরপেক্ষ হওয়া বাঞ্চনীয় বলে মনে করেন বেশ কিছু সিনিয়র সাংবাদিক। এম. মুহাদ্দেসকে এক বছরের জন্যে এখন নিয়োগ দেওয়ার অর্থই হচ্ছে আগামী নির্বাচনে বিএনপি চায় তাদের আস্থার এ আমলা গুরুত্বপূর্ণ প্রধান তথ্য কর্মকর্তার পদে থেকে তথ্য বিষয়ে কলকাঠি নাড়তে পারেন।
এম. মুহাদ্দেসের গত কয়েক বছরের চাকুরির রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায় বিএনপি’র শাসনামলে এই সরকারি কর্মকর্তাকে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এম. মুহাদ্দেস পররাষ্ট্র দফতরে বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক নিযুক্ত হন। প্রধানমন্ত্রীর দফতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আসীন কয়েকজন পদস্থ তার বিশেষ অনুরাগী। ১৯৯১ সালেও ওই কর্মকর্তাদের কয়েকজন প্রধানমন্ত্রীর দফতরে কর্মরত ছিলেন। এক সময়কার পিকিংপন্থী রাজনীতিতে বিশ্বাসী এম. মুহাদ্দেসসহ এই আমলাচক্র এখন বিএনপিপন্থি। বিএনপি’র দুই শাসনামলেই এ আমলা গ্রুপটি চিহ্নিত হয়েছেন ‘গাছেরও খায় তলারও কুড়ায়’ শ্রেণীভূক্ত হিসেবে।
