নিয়োগ বঞ্চিতরা ইবি’র প্রক্টরের অফিস জ্বালিয়ে দিয়েছে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও নিয়োগ বঞ্চিত বিক্ষুব্ধ গ্রুপটি সোমবার ভোরে ক্যাম্পাসে প্রক্টরের অফিস জ্বালিয়ে দিয়েছে। এর ফলে ইবি’র পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিক্ষুব্ধরা রাত ২টার দিকে অনুষদ ভবনের অরক্ষিত কলাপসিবল গেট দিয়ে প্রবেশ করে দোতলায় অবস্থিত প্রক্টর প্রফেসর ড. আলী নূর রহমানের অফিস ভেঙ্গে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুনে অফিসের সব আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
পরে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিন্ডিকেট সভায় গত শুক্রবার রেকর্ডসংখ্যক ৮৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের তালিকা প্রকাশ করার পর নিয়োগ বঞ্চিত ছাত্রদলের একটি গ্রুপ ক্ষুব্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধ গ্রুপটি চারদিন ধরে ৪০টি বাস, ট্রেজারার, রেজিস্টার, ডীন’র বাসা ভাংচুর ও ট্রেজারার এবং রেজিস্টারের গাড়ি পুড়িয়ে দেয়।
বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রনহীন হয়ে পড়লে ২১ মে একাডেমিক কার্ডক্রম বন্ধ ঘোষণা করা হয়।
