পুরো গ্রীষ্ম জুড়েই দেশের এক তৃতীয়াংশ থাকবে অন্ধকারে
চাহিদা কম থাকায় শুক্রবার বিদ্যুৎ ঘাটতি কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও পুরো গ্রীষ্ম জুড়েই সারা দেশে থাকবে ব্যাপক বিদ্যুৎ ঘাটতি। গড়ে দেশের মোট বিদ্যুৎ গ্রাহকদের এক তৃতীয়াংশকে অন্ধকারে থাকতে হবে এ সময়।
তবে বৃহস্পতিবারের মতো বিপর্যয় হলে এই পরিমাণ পৌঁছে যাবে দুই তৃতীয়াংশে।
পিডিবি চেয়ারম্যান এএনএম রিজওয়ান বিডিনিউজকে জানান, খুলনার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে ফিরে আসলে মোট উৎপাদনের পরিমাণ সামান্য বেড়ে ৩,৪০০ মেগাওয়াট হতে পারে। কিন্তু কোনোভাবেই মে মাসে মোট উৎপাদন এর চেয়ে বেশি করা সম্ভব নয়। তবে জুনে এসে উৎপাদন ৩,৫০০ মেগাওয়াট হতে পারে বলে তিনি জানান। এ সময় বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার এক নম্বর ইউনিট উৎপাদনে আসবে।
সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিতে দেওয়া সচিবের তথ্য থেকে জানা গেছে, দেশের পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৫,২০০ মেগাওয়াট। এর মধ্যে পিডিবির চাহিদা ১,৬০০ মেগাওয়াট, ডেসা ও ডেসকোর চাহিদা ১,৮০০ এবং আরইবি’র চাহিদা ১,৮০০ মেগাওয়াট।
আরইবি’র একটি সূত্র দাবি করেছে, ডেমরায় পানি বিদ্যুৎ নিয়ে আন্দোলনের পর থেকে কোনোভাবেই পিক আওয়ারে তারা চাহিদার অর্ধেক বিদ্যুতও পাচ্ছে না। ফলে আরইবি’র কোনো কোনো সমিতি এলাকায় পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত টানা লোডশেডিং করতে হচ্ছে।
সারা দেশে থেকে পাওয়া খবর আরো ভয়াবহ। কোনো কোনো গ্রামীণ জনপদে তিনদিন পর্যন্ত বিদ্যুৎ না থাকার ঘটনা ঘটছে।
পিডিবি’র একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওপরের আদেশে রাজধানীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হচ্ছে। এতে কেবল পিক আওয়ার নয়, সারা দিনই বিভিন্ন এলাকায় লোডশেডিং করতে হচ্ছে। খোদ রাজধানীরই কোনো কোনো এলাকায় টানা তিন ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার ঘটনা ঘটেছে। আবার কোথাও কোথাও সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত এক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ এক ঘন্টা অন্ধকার এই পরিস্থিতি চলছে।
বৃহস্পতিবার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার ঘটনায় বন্ধ হয়ে যাওয়া ৭১৫ মেগাওয়াট ক্ষমতার আটটি কেন্দ্রের মধ্যে ৭০ মেগাওয়াট ক্ষমতায় দু’টি ইউনিট ছাড়া সবগুলো উৎপাদনে ফিরে এসেছে। ছুটির দিন হওয়ায় শুক্রবার পিডিবির হিসেবে চাহিদা দেখানো হয়েছে ৪,০০০ মেগাওয়াট। বিপরীতে উৎপাদনের পরিমাণ ছিল ৩,০০০ মেগাওয়টের সামান্য বেশি। সরকারি হিসাবেই ঘাটতির পরিমাণ ছিল ১,০০০ মেগাওয়াট।
তবে সম্প্রতি বিদ্যুৎ সচিবের দেওয়া তথ্য বিচার করলে ছুটির দিনেও চাহিদার পরিমাণ ৪,৫০০ মেগাওয়াটের কম নয়। ফলে ঘাটতির পরিমাণ কোনোভাবেই ১,৫০০ মেগাওয়াটের নিচে ছিলো না।
কেবল চলতি বছর নয়, আগামী দুই বছরও বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। গত ১৫ মে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ স্বয়ং। তার দেওয়া তথ্যানুসারে ২০০৭ সালে পিক আওয়ারের চাহিদা দাঁড়াবে ৫,৩০৮ মেগাওয়াট। তখন ঘাটতি থাকবে ১,৬২৪ মেগাওয়াট। আর ২০০৮ সালে পিক আওয়ারে চাহিদা হবে ৫,৮৬৩ মেগাওয়াট। এই সময় ঘাটতি দাঁড়াবে ১,৪৩০ মেগাওয়াট। অবশ্য যদি তাদের হিসাব মতো ১,৮৪০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ সরবরাহ শুরু করা যায়।
২০০৮ সালে চাহিদা ৫,৮৬৩ মেগাওয়াট হবে বলে দাবি করা হলেও পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান অনুসারে এ সময় দেশের মোট চাহিদা দাঁড়াবে ৭,৫০০ মেগাওয়াটের কাছাকাছি। এই হিসেবে ২০০৮ সালে প্রকৃত ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৩,০৬৭ মেগাওয়াট।
পিডিবি’র একজন পদস্থ কর্মকর্তা দাবি করেন, যে ভাবে সরকারের কাজ চলছে, তাতে ২০০৮ সালে মোট ঘাটতি ৩,৫০০ মেগাওয়াট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও বিদ্যুৎ মন্ত্রণালয় দাবি করেছে, আগামী দু’ বছরে ১৮৪০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ যোগ হবে। কিন্তু এটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কেননা জরুরি বিদ্যুতের নামে যে বার্জ বা স্কিড প্রকল্পগুলো বাস্তবায়ননের উদ্যোগ নেয়া হয়েছিল, অনিয়মের অভিযোগ ওঠায় তা ভেস্তে যেতে বসেছে। ফলে কেবল ৯০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র পাইপলাইনে রয়েছে। অন্য দিকে মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট কেন্দ্রর জন্যে কেবল বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) হলে তাদের অর্থায়ন নিশ্চিত না হওয়া অন্য চুক্তিগুলো হচ্ছে না। অন্যদিকে আর যে কয়েকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তা--ও সরকার তার বাকি সময়ে শেষ করে যেতে পারবে বলে মনে হচ্ছে না।
এরপর তত্তা¡বধায়ক সরকার কোনো প্রকল্প বাস্তবায়নে হাত দেবেন না বলে নতুন কোনো দল বিজয়ী হয়ে সরকার গঠন করার আগ পর্যন্ত বিদ্যুৎ প্রকল্পের কোনো অগ্রগতি হবে না। ফলে আগামী বছরগুলোকে বিদ্যুৎ সংকট আরো ভয়াবহ রূপ নেবে।
