২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট আটকে দেওয়ায় এফএএ’র পুনরায় দুঃখ প্রকাশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিউ ইয়র্ক ফ্লাইট জেএফকে বিমানবন্দরে অবতরণ করতে না দেওয়ার বিষয়ে মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) পুনরায় দুঃখ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বিমান সূত্র জানায়, ওয়াশিংটন থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী বুধবার সকাল ৮ টা ১৯ মিনিটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক সচিবকে দেওয়া এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানান।

ওই ফ্যাক্স বার্তায় মবিন চৌধুরী এফএএ’র উপ প্রশাসক রবার্ট স্ট্রাগল’র সঙ্গে তার টেলিফোন সংলাপকে উদ্ধৃত করে জানান, ওই ভুলের জন্যে মার্কিন সরকার ও এফএএ গভীর দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করছে। এফএএ’র এয়ার ট্রাফিক বিভাগের ভুলের কারণেই ১৩ মে বিমানের ঢাকা -- ব্রাসেলস -- নিউ ইয়র্ক ফ্লাইট (বিজি ০১১) মন্ট্রিলে আটকা পড়ে।

তিনি আরো জানান, এফএএ নিশ্চিত করেছে, আমেরিকার আকাশে বিমানের ফ্লাইটের উড্ডয়নের জন্যে ভবিষ্যতে ওই ভুলের পুনরাবৃত্তি হবে না।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এফএএ’র সঙ্গে কথা বলে মঙ্গলবার একই তথ্য বিমানকে দেয়। কিন্তু এফএএ এখনো এ বিষয়ে বিমান বা সিভিল এভিয়েশনকে সরাসরি কোনো তথ্য দেয়নি।

বিমান সূত্র জানায়, এফএএ’র দুঃখ প্রকাশের পর বিমানের পরবর্তী তিনটি নিউ ইয়র্ক ফ্লাইট (২০ ও ২৭ মে এবং ৩ জুন) নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হলো। এগুলো এখন যথাসময়েই চলবে। লোকসান এড়াতে বিমান ৩ জুনই সর্বশেষ নিউ ইয়র্ক ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া নিউ ইয়র্ক ফ্লাইট পরিচালনায় বিঘœ ঘটায় বিমানের আর্থিক ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্থ হওয়ায় কর্তৃপক্ষ এফএএ’র বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

জানা যায়, ফ্লাইট ও যাত্রী নিরাপত্তার মান না বাড়ালে বিমানের উড়োজাহাজ নিউ ইয়র্কে অবতরণ করতে দেওয়া হবে না বলে এফএএ সম্প্রতি এক চিঠিতে জানায়। অনেকদিন ধরেই এফএএ বিমানকে অবিলম্বে তাদের ফ্লাইট ‘বি ক্যাটাগরি’ থেকে ‘এ ক্যাটাগরি’তে উন্নীত করতে বলেছে। অন্যথায় বিমানের ফ্লাইটের মান ‘সি ক্যাটাগরি'তে নামিয়ে দেওয়া হবে বলেও তারা জানায়।

এফএএ’র নিয়ম অনুযায়ী কোনো এয়ারলাইন্সকে ‘সি ক্যাটাগরি'তে নামিয়ে দেওয়া হলে সেটি আর আমেরিকায় অবতরণ করতে পারবে না।

বিমান এরই মধ্যে আগামী ৩ জুন থেকে লোকসানি নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এ রুটে প্রতি ফ্লাইটে বিমানের প্রায় ৭৩ লাখ টাকা লোকসান হয়।

তিনটি মহাদেশের ২৬ টি দেশে ও দেশের ভেতরে সাতটি গন্তব্যে বিমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছে। বিমানের উড়োজাহাজ বহরে এখন ছয়টি ডিসি --১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ -- ২৮ রয়েছে।