যুক্তরাষ্ট্র ও জার্মানীতে সাংবাদিকদের উপর গুপ্তচরবৃত্তি নাগরিক অধিকার খর্ব করছে: আইএফজে
সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) বলেছে, যুক্তরাষ্ট্র ও জার্মানীতে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের দোহাই দিয়ে জনগণ ও সাংবাদিকদের উপর সরকারি গুপ্তচরবৃত্তি সংবাদপত্রের স্বাধীনতা ও জনগনের নাগরিক অধিকারকে খর্ব করছে।
আইএফজে জানিয়েছে, এবিসি নিউজ চ্যানেলের ওয়েব ব্লগে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার একজন কর্মকর্তা বলেছেন যে, মার্কিন প্রশাসনের অভ্যন্তরে এবিসি নিউজ চ্যানেলের রিপোর্টারদের ‘গোপন সূত্র’গুলো খুঁজে বের করার জন্য মার্কিন প্রশাসন জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে এঘটনার সাথে গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা সংস্থার প্রকাশিত যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষের টেলিফোন রেকর্ডের ঘটনার সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেনি আইএফজে।
এদিকে আইএফজে দাবী করেছে যে, জার্মানীতেও সরকারি গোয়েন্দা সংস্থা সেদেশের সংবাদপত্র ও মিডিয়াগুলোর উপর গুপ্তচরবৃত্তি চালিয়ে যাচ্ছে এবং অর্থের বিনিময়ে জার্মান প্রশাসনের মধ্যে রিপোর্টারদের ‘সোর্স’দের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংবাদপত্র ও গণমাধ্যমগুলোর মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিকধারায় ভবিষ্যতে যে ব্যাপক অশুভ চাপ আসছে, যুক্তরাষ্ট্র ও জার্মানির গুপ্তচরবৃত্তি তারই একটি অশুভ ইঙ্গিত বলে উল্লেখ করেছেন আইএফজে’র সাংবাদিকরা।
আইএফজে’র মহাসচিব এইডান হোয়াইট ক্ষোভ প্রকাশ করে বলেন ‘স্বাধীন সাংবাদিকতার উপর বর্তমানে অবৈধভাবে সরকারি গুপ্তচরবৃত্তি চলছে এবং গোয়েন্দা সংস্থাগুলো প্রকাশ্যেই মিডিয়ার মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। সংবাদপত্রের উপর প্রশাসনের এমন অশুভদৃষ্টি ইতিপূর্বে দেখা যায়নি’।
আইএফজে ২০০৫ সালে তাদের প্রকাশেত একটি রিপোর্টে জানিয়েছে, মার্কিন প্রশাসন ও তার মিত্রবাহিনী বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার নামে সমগ্র পৃথিবীর সাধারন জনগণ ও সাংবাদিকদের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার নিশ্চিহ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
