এফএএ’র আপত্তির মুখে বিমান পরবর্তী ৩টি নিউ ইর্য়ক ফ্লাইট নিয়ে বিপাকে
মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) আপত্তির মুখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরবর্তী তিনটি নিউ ইর্য়ক ফ্লাইট নিয়ে এখন বিপাকে।
বিমান সূত্র জানায়, ফ্লাইট ও যাত্রী নিরাপত্তার মান না বাড়লে এফএএ নিউ ইয়র্কে বিমানের ফ্লাইট অবতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় কর্তৃপক্ষ ২০ ও ২৭ মে এবং ৩ জুনের নিউ ইয়র্ক ফ্লাইট নিয়ে দুর্ভাবনায় পড়েছেন।
বিমানের একজন মুখপাত্র বিডিনিউজকে জানান, লোকসান এড়াতে ৩ জুনই সর্বশেষ নিউ ইয়র্ক ফ্লাইট চালানোর কথা ছিল। বিমান কর্তৃপক্ষ এফএএ’র সঙ্গে কথা বলে পরবর্তী তিনটি নিউ ইয়র্ক ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি জানান, আমেরিকায় শনি ও রোববার দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় বিমান কর্তৃপক্ষ এখনো এফএএ’র সঙ্গে যোগাযোগই করেতে পারেনি। তারা আশা করছেন বাংলাদেশ সময় মঙ্গলবার নাগাদ অফিস খুললে এফএএ’র সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।
সূত্র জানায়, এদিকে এফএএ’র আপত্তির কারণে রোববার মন্ট্রিলে আটকে পড়া বিমানের নিউ ইয়র্ক ফ্লাইটের (বিজি ০১১) ২৫৭ জন যাত্রী অবশেষে নানা দুর্ভোগের পর এরই মধ্যে নির্ধারিত গন্তব্যে পৌঁছেছেন। সংস্থার উদ্যোগে মন্ট্রিলে আটকে পড়া যাত্রীদের অন্য কয়েকটি এয়ারলাইন্সে রোববার নিউ ইয়র্কে পাঠানো হয়। কেউ কেউ আবার ব্যক্তি উদ্যোগে সড়ক পথে নিউ ইয়র্ক যান। এরআগে তাদের রাখা হয় মন্ট্রিলের শেরাটন হোটেলে।
জানা যায়, একই সঙ্গে বাতিল করা হয়েছে নিউ ইয়র্ক -- ব্রাসেলস -- ঢাকা রুটের ফিরতি ফ্লাইট (বিজি ০১২)। ফ্লাইটটির বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৬ টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিলো। ফ্লাইটটিতে বুকিং দেওয়া ৬০ জন যাত্রী টিকিট বুকিং বাতিল করা হয়।
ঢাকা থেকে শনিবার ব্রাসেলস হয়ে নিউ ইয়র্কে যাওয়ার পথে মন্ট্রিলে আটকে পড়া বিমানের ডিসি - ১০ উড়োজাহাজটি সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টা নাগাদ দেশে ফিরে আসবে।
বিমান সূত্র জানায়, ফ্লাইট ও যাত্রী নিরাপত্তার মান না বাড়ালে বিমানের উড়োজাহাজ নিউ ইয়র্কে অবতরণ করতে দেওয়া হবে না বলে এফএএ সম্প্রতি এক চিঠিতে জানায়। অনেকদিন ধরেই এফএএ বিমানকে অবিলম্বে তাদের ফ্লাইট ‘বি ক্যাটাগরি’ থেকে ‘এ ক্যাটাগরি’তে উন্নয়নের পরামর্শ দেয়। অন্যথায় বিমানের ফ্লাইটের মান ‘সি ক্যাটাগরি'তে নামিয়ে দেওয়া হবে বলেও তারা জানায়। এফএএ’র নিয়ম অনুযায়ী কোনো এয়ারলাইন্সকে ‘সি ক্যাটাগরি'তে নামিয়ে দেওয়া হলে সেটি আর আমেরিকায় অবতরণ করতে পারবে না।
এফএএ’র অনুমতি না নিয়েই বিমান লাভের আশায় গত এপ্রিলে রুট পরিবর্তন করে ঢাকা থেকে ব্রাসেলস হয়ে নিউ ইয়র্ক যাওয়ার বদলে কিছুদিন ম্যানচেস্টার হয়ে নিউ ইয়র্ক রুটে যাত্রী পরিবহন শুরু করে। এ জন্যে এফএএ সংস্থাটিকে বিপুল অংকের অর্থ জরিমানা করে ।
পরে কর্তৃপক্ষ আবার পুরোনো রুটে নিউ ইয়র্ক ফ্লাইট চালানো শুরু করে।
বিমান এরই মধ্যে আগামী ৩ জুন থেকে লোকসানী নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এ রুটে প্রতি ফ্লাইটে বিমানের প্রায় ৭৩ লাখ টাকা লোকসান হয়।
তিনটি মহাদেশের ২৬টি দেশে ও দেশের ভেতরে সাতটি গন্তব্যে বিমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছে। বিমানের উড়োজাহাজ বহরে এখন ছয়টি ডিসি--১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ--২৮ রয়েছে।
