দূর্নীতির প্রতিবাদে প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দূর্নীতির প্রতিবাদে বেসরকারি প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার ধানমন্ডি ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে।
অপর দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভের একদিন পর প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করলো।
ধানমন্ডি থানা পুলিশ জানায়, প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে দূর্নীতির অভিযোগে উপাচার্য ও তার কয়েক সহযোগীর পদত্যাগ দাবি করে শ্লোগান দেয়।
শিক্ষার্থীরা এসময় আধা ঘন্টার জন্য ধানমন্ডি সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার ক্যাম্পাসের সামনে নতুন বিক্ষোভ দেখানোর কর্মসূচী ঘোষণা করে।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, বিশ্ববিদ্যালয়ের একদল কর্মকর্তা শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধ উপায়ে অর্থ সংগ্রহ করছে।
বিক্ষোভ চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে শনিবার স্ট্যামফোর্ড ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী সড়ক অবরোধ, ক্যাম্পাসের মূল্যবান সামগ্রী ভাংচুর এবং কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালন করে।
