যশোরের তালবাড়িয়ায় বৃদ্ধ পুনর্মিলনী: একদিন হলেও প্রাণ খুলে হাসলেন প্রবীণরা
সমাজ ও সংসার তাকে বলে দিয়েছে, তোমার আর প্রয়োজন নেই। তোমার আর কিছুই দেওয়ার নেই। সবার বিরক্তির কারণ তুমি। তুমি শুধু বসে বসে মৃত্যুর প্রহর গুণবে।
দেশের বেশির ভাগ প্রবীণদের অবস্থা এমনই। এই প্রবীণদের নিয়েই যশোর সদরের নিভৃত পল্লী তালবাড়িয়ায় শনিবার আয়োজন করা হয় ‘বৃদ্ধ পুনর্মিলনী’ অনুষ্ঠান। ষাটোর্ধ্ব হাজার খানেক প্রবীণ জড়ো হয়েছিলেন এ অনুষ্ঠানে। সকাল থেকে টানা বিকেল পর্যন্ত তুমুল আড্ডায় মগ্ন ছিলেন তারা। একদিনের জন্যে হলেও প্রাণ খুলে হাসলেন প্রবীণ ব্যক্তিরা। অভিনয় ও কৌতুক করে দেখালেন।
যশোর সদরের তালবাড়িয়া গ্রামে আইনজীবী ইব্রাহিম খলিলের উদ্যোগে তিন বছর আগে প্রথম বৃদ্ধ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি জানালেন, প্রথম বছর অনুষ্ঠানে যোগ দেন ৬৩০ জন বৃদ্ধ। এবার তৃতীয়বারের এ অনুষ্ঠানে উপস্থিত প্রবীণের সংখ্যা দেড় হাজারের বেশি।
যশোর সদরের নোয়াপাড়া, ইছালী ও ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে সকাল ১০টা থেকেই রিকশাভ্যান, গরুর গাড়ি ও নসিমনে করে প্রবীণরা আসেন তালবাড়িয়া হাইস্কুল মাঠে। ৯৫ বছর বয়সী আব্দুর রহিম নাতিদের সহায়তায় এসেছেন প্রবীণ পুনর্মিলনীতে। কেন এসেছেন-- তা বলে বোঝাতে না পারলেও আসতে পেরে তিনি যে আনন্দিত, তা তার চোখেমুখে স্পষ্ট।
পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি ইশারত আলী জানালেন, বৃদ্ধদের বিনোদনের কোনও ব্যবস্থা নেই। ঘরে বাইরে তারা অবহেলিত। ক্লাব ও টিস্টলেও বসতে পারেন না ছেলেছোকরাদের কারণে। বিনোদনহীন প্রবীণদের একদিনের জন্যে হলেও এক জায়গায় জড়ো করে আড্ডার সুযোগ করে দেওয়ার জন্যেই এ আয়োজন।
বাংলাদেশের আর কোথাও এমন আয়োজন হয় কীনা-- জানেন না উদ্যোক্তা ইব্রাহিম খলিল। তিনি জানালেন, প্রতি বছর ৩০ বৈশাখ এ অনুষ্ঠান করা হয় চাঁদার টাকায়। গ্রামের যুবকদের নিয়ে নগদ টাকা, চালডাল চাঁদা তুলে উপস্থিত সকল প্রবীণের জন্যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।
এবারের বৃদ্ধ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম। তিনি এমন অনুষ্ঠান আয়োজনের জন্যে উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, যে কাজ রাষ্ট্রের করার কথা, তা করছে তালবাড়িয়ার সচেতন যুবসমাজ। এ থেকে সবার শিক্ষা নেয়া উচিত।
