স্ট্যামফোর্ড ও দারুল ইহসান ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ভাংচুর
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ও দারুল ইহসানের কয়েক শ’ শিক্ষার্থী শনিবার স্ব স্ব ক্যাম্পাসে ভাংচুর চালায় এবং দিনভর বিক্ষোভ করে।
স্ট্যামফোর্ড ও দারুল ইহসানের ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং ক্যাম্পাস দুটিতে নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা হয়েছে।
সূত্র জানিয়েছে, শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির তিনটি ক্যাম্পাসেই ভাংচুর চালায়।
এদিকে কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্যে ক্লাস বন্ধ ঘোষণা করলে রাজধানীর দারুল ইহসান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ভাংচুর ও বিক্ষোভ করে।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানায়, কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেয়ায় তারা ক্যাম্পাসে ভাংচুর চালিয়েছে। শিক্ষার্থীরা ফার্মাসি ডিপার্টমেন্টের জন্যে একটি সায়েন্স ল্যাব, একটি লাইব্রেরি স্থাপন এবং ফার্মাসি ডিপার্টমেন্টকে ফার্মাসি কাউন্সিলের তালিকাভুক্ত করার দাবি জানিয়ে আসছিল।
এছাড়া শিক্ষার্থীরা অতিরিক্ত ফি আদায় এবং ইউনিভার্সিটির ধারণক্ষমতার অতিরিক্ত হওয়া সত্ত্বেও বিশেষ শিক্ষার্থী ভর্তিসহ কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে নামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ফার্মাসি ডিপার্টমেন্টের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাংচুর শুরু করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দু ঘণ্টা ধরে ইউনিভার্সিটির বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম, দরজা ও জানালার কাঁচ, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার ও ব্যানার বহন করে।
সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাংচুরের পর তারা ধানম-িতে ইউনিভার্সিটির অপর দুটি ক্যাম্পাসেও মিছিল নিয়ে প্রবেশ করে এবং সেখানে ভিসি হান্নান ফিরোজকে দু ঘণ্টা ধরে আটকে রাখে।
বিকেলে শিক্ষার্থী আবার ধানম-ি ক্যাম্পাসে ভাঙচুর চালায় এবং ইউনিভার্সিটির কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে।
ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। তারা জানান, কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।
এদিকে শিক্ষার্থীরা যে ল্যাব, লাইব্রেরিসহ বিভিন্ন সুবিধার দাবি জানিয়ে আসছিল, তা শিক্ষকরাও স্বীকার করেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, ভিসি শিক্ষার্থীদের দাবি অল্প সময়ের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে দারুল ইহসান ইউনিভার্সিটি এক সপ্তাহের জন্যে বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা শ্যামলীতে ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভাংচুর চালায় ও বিক্ষোভ করে।
