কুষ্টিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী নিজেই হত্যাসহ ৬ মামলার আসামী
ক্ষমতাসীন বিএনপির সাংসদ শহীদুল ইসলামের পক্ষে কুষ্টিয়ার তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী আজাদ বিশ্বাস নিজেই হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও ছিনতাইসহ ছয় মামলার আসামী হওয়ায় এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, আজাদ এবং তার ভাই এ কে বিশ্বাস বাবু ১৯৯৩ সালে শহরের মজমপুর এলাকায় শাহিন হত্যাকা-ের অন্যতম আসামী। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাংসদ শহীদুলের প্রভাবেই মামলাটি চাপা পড়ে যায় বলে এলাকাবাসীর অভিযোগ।
আজাদ সাংসদ শহীদুল ইসলামের ডান হাত হিসেবে পদ্মার দখলকৃত খাস জমি ও বালুমহল দেখাশোনা করে থাকে। অবৈধ ওই বালুমহল থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে প্রতি মাসে কোটি কোটি টাকার বালি উত্তোলন করা হয়। এছাড়া কুষ্টিয়া পুলিশ লাইনের অধিগ্রহণ করা জমিও জবর দখল করে রেখেছে আজাদ বাহিনী।
২০০৫ সালের ৫ মে এক ঘটনায় আজাদের গুলিতে সেখানে তিনজন আহত হয়। ওই ঘটনায় কুষ্টিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৩।
ওই ঘটনারই পাঁচ দিন পর সাংসদ শহীদুলের নির্বাচনী এলাকা ভেড়ামারা উপজেলার ১২ মাইল চর এলাকায় আজাদ অস্ত্রসহ ধরা পড়ে। কিন্তু সাংসদ শহীদুলের প্রভাবে অস্ত্রটি পরিত্যক্ত দেখিয়ে তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। এর সাত দিন পর সে জামিনে বের হয়ে আসে।
চলতি বছরেও অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই ও জবর দখলের অভিযোগে আজাদের বিরুদ্ধে মামলা হয়। ভেড়ামারা থানায় মামলা নং--১১, তাং- ৯/০১/০৬ ইং। একই থানায় তার বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলার নং--৫, তাং- ২২/১২/০৫ইং।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, একজন চিহিৃত সন্ত্রাসী কিভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে? ‘বিষয়টি আমরা তদন্ত করছি’ বলেও তিনি উল্লেখ করেন।
আজাদ গত ১০ মে চ্যানেল ওয়ান ও দৈনিক সমকাল প্রতিনিধি মুন্সী তরিকুল ইসলাম, এটিএন বাংলা ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আল মামুন সাগর এবং আরটিভি ও দৈনিক মান জমিন প্রতিনিধি হাসান জাহিদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে।
