পটুয়াখালীতে ১৭ আগস্ট বোমা হামলা মামলার সাক্ষ্য গ্রহণ
পটুয়াখালীতে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় দায়েরকৃত মামলায় আসামীদের উপস্থিতিতে মঙ্গলবার স্পেশাল ট্রাইবুনালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
দুপুরে স্পেশাল ট্রাইবুন্যাল আদালতের বিচারক একেএম সাজেদুর রহমান এ সাক্ষ্য গ্রহণ করেন। এনিয়ে ৪২ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হল।
সাক্ষ্য গ্রহণকালে জেএমবির পটুয়াখালী জেলা কমান্ডার হাফেজ মোঃ আল আমিন ওরফে মিন্টু ওরফে আব্দুল্লাহ, বরগুনা জেলা কমান্ডার হাফেজ মোস্তফা হাসান, এহসার সদস্য মাসুম বিল্লাহ, এহসার সদস্য মোঃ আবু জাফর ওরফে জাফরকে আদালতে হাজির করা হয়।
অপর আসামী জেএমবির দুর্ধর্ষ এহসার সদস্য আসাদুল ইসলাম ওরফে আসাদ ওরফে আরিফ পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বিচার কাজ চলছে। ১৬ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে।
