চিকিৎসকরা শহরমুখি হয়ে পড়ায় পল্লীর জনগণ চিকিৎসা পাচ্ছে না: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যন ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির শাসনামলে আমরা স্বাস্থ্য সেবাকে জনগণের হাতের নাগালে পৌঁছে দিয়েছিলাম। এখন চিকিৎসকরা শহরমুখি হয়ে পড়েছে, তাই পল্লীর জনগণ চিকিৎসা সেবা পাচ্ছে না।
তিনি শনিবার রংপুরের দর্শনায় মকবুল হোসেন মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে উত্তরবঙ্গের পল্লী চিকিৎসকদের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডা. সেলিম শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাপার যুগ্ম মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, রংপুর পৌর চেয়ারম্যান আব্দুর রউফ মানিক, ডা. তৌহিদুল ইসলাম বাবু, ডা. সুধীর রঞ্জন তালুকদার, ডা. নূরুল ইসলাম, ডা. বেণী মাধব বড়–য়া, ডা. আলমগীর মতি প্রমুখ।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আমাদের সময় গৃহীত ওষুধ নীতির সুফল এখন সরকার ভোগ করছে। ওষুধ বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মূদ্রা অর্জন করছে। এটি জাপা সরকারের স্বাস্থ্যনীতির অবদান।
তিনি বলেন, উপজেলা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আমরা চিকিৎসকদের গ্রামাঞ্চলে পাঠাতে পেরেছিলাম। তখন উপজেলা চেয়ারম্যানরা জনগণের চিকিৎসা সেবা তদারকি করতেন। কিন্তু এখন গ্রামে চিকিৎসকদের পাওয়া যায়না। এখন গ্রামাঞ্চলেরমানুষের একমাত্র ভরসা পল্লী চিকিৎসকরাই।
তিনি পল্লী চিকিৎসকদের বিরাজমান সমস্যার সমাধান করে তাদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
