খুলনায় র্যাবের টহল গাড়িতে বোমা হামলায় আটক ২৫, জনযুদ্ধের দায়িত্ব স্বীকার
খুলনার সোনাডাঙ্গা থানার অদূরে বাস টার্মিনাল সড়কে শুক্রবার র্যাবের টহল গাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে শনিবার ২৫ জনকে আটক করেছে পুলিশ। এদিকে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ)।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোমা হামলার সাথে জড়িত সন্দেহে ২৫জনকে আটক করা হয়। আটককৃতদের থানায় রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে শুক্রবার রাতে যশোরের একটি স্থানীয় পত্রিকা অফিসে টেলিফোন করে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ)। জনযুদ্ধের পক্ষে জনৈক রাজন অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে বলে, র্যাবের বেআইনি ক্রসফায়ারের প্রতিশোধ হিসেবে বোমা হামলা চালানো হয়েছে।
