রাজশাহীতে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
রাজশাহীর বাঘা উপজেলার শ্যামপুর পদ্মার চরে পুলিশের ক্রসফায়ারে শনিবার ভোরে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় বাঘা থানার এসআই আমিনুজ্জামান আহত হন।
নিহত ডাকাতের নাম সেন্টু ওরফে কিলার সাগর (৩০)। সে সন্ত্রাসী পান্না বাহিনীর অন্যতম সদস্য। সেন্টু বাঘার পলাশী ফতেপুর গ্রামের ইমাদ আলীর পুত্র।
পুলিশ জানায়, সেন্টুকে পুলিশ শুক্রবার গ্রেপ্তার করে।
সেন্টুর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে পান্না বাহিনীর অন্যান্য সদস্য এবং অস্ত্র উদ্ধারের জন্য শ্যামপুর চরে পৌঁছলে আগে থেকে ওৎঁ পেতে থাকা সেন্টুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় সেন্টু পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শার্টারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত সেন্টুুর বিরুদ্ধে তিনটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, সেন্টু দুর্ধর্ষ পান্না বাহিনীর কিলার গ্রুপের প্রধান এবং সেন্টু ডাকাত হিসেবে এলাকায় পরিচিত।
