কুমিল্লায় বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক ও গ্রেনেড উদ্ধার
কুমিল্লার লাকসাম-চাঁদপুর রেলগেইটের পাশে স্থানীয় জালুয়াপাড়া নামক স্থান থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, বিস্ফোরক ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।
জালুয়াপাড়া এলাকার ননিগোপালের বাড়িতে ঘর তৈরির জন্য মাটি খনন করার সময় শুক্রবার বিকালে শ্রমিকরা ১৫শ’ ৫০টি এসএমজি’র গুলি, ৬ কৌটা বিস্ফোরক ও ২৬টি আরজেস গ্রেনেড দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে।
পুলিশ ঘটনাস্থল থেকে এসব বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোস্তফা মঞ্জুর মাহমুদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যাদি পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত প্রদানের পর এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
