২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় এমপিসহ নিজের সম্পত্তির হিসাব দিতে প্রস্তুত শেখ হাসিনা: যুব মহাসমাবেশে ঘোষণা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার পরিবারের অর্থ-সম্পদের হিসাব চেয়ে বলেছেন, আমি নিজের এবং দলীয় এমপিদের অর্থ-সম্পদের হিসাব দিতে প্রস্তুত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ঐতিহাসিক পল্টন ময়দানে মঙ্গলবার আওয়ামী যুবলীগের যুব মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে দেশের সুশীল সমাজের সৎ, যোগ্য প্রার্থী আন্দোলনের কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বর্তমানে সরকারের মন্ত্রী এমপিদের মধ্যে কারা সন্ত্রাসী--দুর্নীতিবাজ, ক্ষমতায় গিয়ে কারা রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছে, তাদের তালিকা প্রকাশ করুন। ক্ষমতায় যাওয়ার আগে প্রধানমন্ত্রী, তার পরিবার ও মন্ত্রী এমপিদের কী পরিমাণ সম্পত্তি ছিল, আর এখন দুর্নীতি ও জনগণের অর্থ সম্পদ লুট করে তারা কতো সম্পদের মালিক হয়েছেন, তার হিসাব আগে দিতে হবে। তারপর আপনারা (সুশীল সমাজ) সৎ যোগ্য প্রার্থী খুঁজুন।

আওয়ামী লীগ সভানেত্রী ১৪ দল আহূত ১৯ এপ্রিল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান এবং বৃহস্পতিবারের দেশব্যাপী সকাল--সন্ধ্যা হরতাল সফল করার জন্যে দেশের যুবসমাজসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

জনগণের ওপর সরকারের অত্যাচার, হত্যা--নির্যাতনের কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ১৪৪ ধারা জারি করে, অত্যাচার নির্যাতন চালিয়ে আপনি গদি রক্ষা করতে পারবেন না। নির্যাতনের পথ বেছে নিয়ে বাংলার জনগণকে দাবিয়ে রাখা যাবে না।

সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, সংস্কার প্রস্তাব মানতে হবে, মানুষ হত্যা বন্ধ করতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে।

তিনি প্রধানমন্ত্রীকে বলেন, দুর্নীতি এবং জনগণের অর্থ--সম্পদ লুট করে অনেক টাকা বানিয়েছেন। এবার ক্ষান্ত হোন। মানুষকে বাঁচতে দিন।  

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতেই আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে সংস্কার প্রস্তাব মানতে বাধ্য করতে হবে। ভোটার তালিকায় যেন কারও নাম বাদ না পড়ে, কেউ যেন আর ভোট কেড়ে নিতে না পারে, সেজন্যে সকলকে সজাগ থাকতে হবে। জোট দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে যুবসমাজেকে সংগ্রামী ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে সংগঠনের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম এমপিসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।