২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র ৬ হলে পুলিশি অভিযান: আটক ৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ৫২ জন বহিরাগতকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 04:10 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

রমনা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজকে জানান, প্রায় দুইশ পুলিশ সদস্য রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ঢাবি’র জগন্নাথ হল, সলিমুল্লাহ মুসলিম হল, অমর একুশে হল, সার্জেন্ট জহুরুল হক হল, জসীম উদদীন হল এবং ফজলুল হক হলে অভিযান চালিয়ে বহিরাগতদের আটক করে।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ পাওয়া য়ায়নি। তবে কতজনকে ছেড়ে দেওয়া হবে আর কতজনকে আদালতে হাজির করা হবে তদন্তের পর আমরা সে সিদ্ধান্ত নেব।

সূত্র জানায়, আটককৃতদের মধ্যে ২২ জনকে জগন্নাথ হল, সাতজনকে সলিমুল্লাহ মুসলিম হল, সাতজনকে অমর একুশে হল, চারজনকে জসীম উদদীন হল, পাঁচজনকে ফজলুল হক হল এবং সাতজনকে জহুরুল হক হল থেকে আটক করা হয়।

ঢাবি সূত্র জানায়, মঙ্গলবার যুবলীগের মহাসমাবেশ ও বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এবং ২০ এপ্রিলের হরতালসহ বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে সামনে পুলিশ এ অভিযান চালায়।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে জানান, অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে সে জন্যই রমনা পুলিশ এ অভিযান চালায়।