দখলদারদের হাত থেকে বনভূমি উদ্ধারের জন্যে সরকার পদক্ষেপ নেবে
পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, বেহাত হয়ে যাওয়া প্রায় দুই লাখ ২৭ হাজার একর বনভূমি দখলদারদের হাত থেকে পুনরুদ্ধারে যে কোনো পদক্ষেপ নিতে সরকার বদ্ধ পরিকর।
প্রয়োজনে সরকারি সম্পত্তি জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের বিধান করার উদ্যোগ নেয়া হবে।
মন্ত্রী সোমবার ঢাকায় জবরদখলকারীদের কবল থেকে বেহাত হয়ে যাওয়া জমি উদ্ধারসহ নতুন জেগে উঠা চর হস্তান্তর প্রক্রিয়া বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্বকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বনভূমি পুনরুদ্ধারে জোরালো পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানিয়ে বলেন, কোনো অন্যায় চাপের কাছে আপনারা নতিস্বীকার করবেন না। তিনি এ ব্যাপারে সরকারের সকল ধরণের আইনগত সহযোগিতার কথা নিশ্চিত করেন।
মন্ত্রী জবর দখলকারীদের হাত থেকে বনভূমি উদ্ধার তৎপরতা জোরদার করতে বন বিভাগ, জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তরিকুল ইসলাম উদ্ধারকৃত বনভূমিতে সামাজিক বনায়নের মাধ্যমে স্থানীয় জনসাধারণের অংশীদারিত্ব সৃষ্টির কথা উল্লেখ করেন।
এ ছাড়াও তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতা ছাড়া ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকার বেদখলকৃত প্রায় ১৪ একর সরকারি জমি উদ্ধার করা সম্ভব হতো না।
মন্ত্রী বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের অনেক ক্ষেত্রে ব্যক্তিগতভাবে হয়রানির শিকার হতে হয়।
এ ব্যাপারে কর্মকর্তাদের যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয় সে জন্যে আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে এবং খুব শিগগিরই তা চালু করা হবে।
বৈঠকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো: ওসমান গনি, ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন জেলার জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
