২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর, মুন্সীগঞ্জ ও সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

ফরিদপুর, মুন্সীগঞ্জ ও সাভারে রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় ১২জন নিহত ও আটজন আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ফরিদপুরে বাস - টেম্পু মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও তিনজন আহত হয়। মুন্সীগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেলুনের মধ্যে ঢুকে পড়লে চারজন নিহত ও পাঁচজন আহত হয়। সাভারে ট্রাকের চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে রোববার বিকেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও  তিন জন আহত হয়েছে। শহরতলীর বাঘুন্ডায় বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহনের যাত্রীবাহী বাসের(ঢাকা মেট্রো ব ১৪  - ১০৬৮)  সাথে ফরিদপুর থেকে বাঘুন্ডাগামী একটি যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে টেম্পুচালকসহ সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারায়।

নিহতরা হচ্ছে-- টেম্পু চালক হায়দার আলী (৩০), বেলাল হোসেন (২৮), সুমাইয়া (১৮), অপু (২০) ও শাহজাহান, ফজলু চোকদার (৬০) ও হাশেম মোল¬া (৫২)।

বাসটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ বাসটিকে আটক করেছে।

পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি ভাংচুর করে।

আহত তিনজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের নাম জানা গেছে।

এরা হচ্ছে ডলি (১৮) ও এসকেন (৫০)।

বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলার শ্রীনগর উপজেলার বাঘরায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চুল কাটার সেলুনে ঢুকে পড়লে চারজন নিহত এবং পাঁচজন আহত হয়।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরায় ঢাকা--দোহার সড়কে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সোহেল (২২), জুয়েল (২৮), মালেক (৪২) এবং অজ্ঞাত একজন। নিহতরা সেলুনে চুল কাটতে এসেছিল।

পুলিশ সূত্র জানায়, দোহারগামী একটি খালি ট্রাক (ঢাকা--ট-- ২৫৯) নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে স্থানীয় কাদিরের সেলুনে ঢুকে পড়ে। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আহত অপর পাঁচজনকে ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেলেও এর চালক পলাতক রয়েছে।

বিডিনিউজ সাভার প্রতিনিধি জানান, ঢাকা-- আরিচা মহাসড়কের সাভার বিপিএটিসির সামনে রোববার ট্রাকের চাপায় মাকসুদ (৩৫) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র ও বিপিএসটিসির ঠিকাদার মাকসুদ মোটর সাইকেল যোগে সাভার যাওয়ার সময় ঢাকা--আরিচা মহাসড়কে পেছন দিক থেকে একটি দ্রুতগামী তাকে  ধাক্কা দেয়। এতে মাকসুদের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাকসুদের বাড়ি সাভারস্থ নলাম এলাকায়। এ ঘটনায় প্রায় আধাঘন্টা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।