হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাবি শিক্ষক সাঈদ ইমতিয়াজের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক, গবেষক ও মানবাধিকার কর্মী সাঈদ ইমতিয়াজ আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ভোরে তার উত্তরার বাসভবনে ইন্তেকাল করেছেন ।
তার বয়স হয়েছিল ৩৩ বছর।
সাঈদ ইমতিয়াজ দৈনিক বাংলা পত্রিকার সাবেক সম্পাদক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সাবেক মহাপরিচালক আহমেদ হূমায়ুনের ছেলে।
মৃত্যুকালে তিনি মা, এক ভাই ও স্ত্রী রেখে গেছেন।
মৃতের বড় ভাই সাংবাদিক সাঈদ ইরাজ আহমেদ বলেন, ইমতিয়াজের মৃতদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা হয়েছে।
মৃতের স্ত্রী লাইলুফার ইয়াসমিনও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক।
তার জানাজার নামাজ ঢাবি কেন্দ্রীয় মসজিদে সোমবার যোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে।
ঢাবি শিক্ষক সাঈদ ইমতিয়াজের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মানবাধিকার সংগঠন, অধিকার ও তার বন্ধুরা গভীর শোক প্রকাশ করেছেন।
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি শরিফ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আখতারুজ্জামান এক শোক বার্তায় বলেন, তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।
তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মানবাধিকার সংগঠন অধিকারও সাঈদ ইমতিয়াজের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
